ক্যা ম্পা স
থি য়ে টা র
জি এম ইমরান হোসেন
বর্তমান সমাজব্যবস্থায় আমরা যেদিকেই তাকাই সেদিকেই দেখতে পাই কিছু স্বার্থান্বেষী লোক নানান অপকর্মের দ্বারা সমাজ তথা দেশের উন্নয়ন কর্মকাণ্ডে সর্বদাই বাধা সৃষ্টি করে আসছে। আর থিয়েটার চর্চা আমাদের সেই শিক্ষাই দেয়, যার মাধ্যমে আমরা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার শক্তি অর্জন করি। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতি বিষয়ক সংগঠন ‘দিক থিয়েটার’ তেমনই এক সংগঠন যার মূল উদ্দেশ্য নাটকের মাধ্যমে অন্যায় ও অবিচারের বিরুদ্ধে প্রতিবাদ করা এবং সমাজ সচেতনতা সৃষ্টি করা।
‘নাটকে সাম্যের আন্দোলন, জীবনের ভাষায় মুক্তি অন্বেষণ’ স্লোগানে ১৯৯৯ সালের ১৮ আগস্ট ‘নাট্যসংঘ’ নামে যাত্রা শুরু করে সংগঠনটি। যা পরবর্তিতে ‘দিক থিয়েটার’ নামে পরিবর্তিত হয়। বিভিন্ন সাংস্কৃতিক কাজের স্বীকৃতি স্বরূপ সংগঠনটি ২০১০ সালে ‘বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সদস্যপদ লাভ করে এবং ২০০৯ সালে ‘সম্মিলিত নাট্য পরিষদ’ সিলেটের সদস্যপদ লাভ করে।
নাটকের মাধ্যমে সমাজের অন্যায় ও অবিচারের বিরুদ্ধে প্রতিবাদ করা এবং সমাজ সচেতনতাবোধ সৃষ্টির লক্ষ্যে সংগঠনটি বিশ্ববিদ্যালয়ের সামাজিক ও সাংস্কৃতিক বিভিন্ন কর্মকাণ্ডে অংশগ্রহণ, বিভিন্ন দিবস সমূহ পালন এবং বিশ্ববিদ্যালয় আয়োজিত বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে মঞ্চনাটক, পথনাটক এবং পাঠাভিনয় পরিবেশন করে থাকে। তাছাড়া প্রতি বছর বর্ষপূর্তি এবং নবীনবরণ উপলক্ষ্যে নানান আয়োজন তো আছেই। আর আছে নিয়মিত নাট্য প্রদর্শনী এবং প্রতি শুক্রবার সদস্যদের অংশগ্রহণে নাট্য আড্ডার আয়োজন।
সুস্থ সংস্কৃতি ছড়িয়ে দিতে সংগঠনটি নিজ ক্যাম্পাসের বাইরেও বিভিন্ন প্রোগ্রামে অংশ নিয়ে থাকে। যেমন, বুয়েট ড্রামা সোসাইটি আয়োজিত আন্তঃবিশ্ববিদ্যালয় নাট্যোত্সব-২০১৬, জাহাঙ্গীরনগর থিয়েটার আয়োজিত আন্তঃবিশ্ববিদ্যালয় নাট্যোত্সব-২০১৮, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন আয়োজিত জাতীয় পথ নাট্যোত্সব-২০১৮, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন আয়োজিত একুশে নাট্যোত্সব-২০১৮।