মা হ মু দু ল আ মি ন
সুষমা সরকার মঞ্চ ও টিভি নাটকের ভার্সেটাইল অভিনেত্রী। কয়েকটি ভালো ভালো সিনেমাতে অভিনয় করেও তিনি বেশ প্রশংসিত হয়েছেন। ২০০০ সাল থেকে তিনি নাট্যদল ‘দেশ নাটক’র সঙ্গে আছেন তিনি। এই দলের হয়ে তিনি ‘জনমে জন্মান্তর’, ‘বিরসা কাব্য’ ও ‘নিত্যপুরাণ’ নাটকে অভিনয় করে বেশ প্রশংসিত হয়েছেন। এর মধ্যে ‘নিত্যপুরাণ’-এর ১০১তম মঞ্চায়ন হয়েছে। আগামী দুর্গাপূজাতে রাজধানীর বাসাবোতে কালী মন্দিরে আগামী ৫ অক্টোবর মাসুম রেজা রচিত ও পরিচালিত ‘নিত্যপুরাণ’ নাটকটির ১০২তম মঞ্চায়ন করা হবে। নাটকটিতে দ্রৌপদী চরিত্রে অভিনয় করে বেশ প্রশংসিত হয়েছেন সুষমা সরকার। তাই আবারো মঞ্চে নাটকটি আসা নিয়ে বেশ উচ্ছ্বসিত সুষমা। বিশেষত দুর্গাপূজাতে নাটকটি মঞ্চস্থ হবে বিধায় দারুণ খুশি তিনি। সুষমা সরকার বলেন, ‘যেহেতু দুর্গাপূজা আমাদের ধর্মের সবচেয়ে বড় উত্সব। তাই এমন উত্সবে আমি ‘নিত্যপুরাণ’ নাটকের মধ্যদিয়ে দ্রৌপদী রূপে দর্শকের মাঝে উপস্থিত হতে পারব, এটাই আমার কাছে অনেক আনন্দের বিষয়। সময়টার জন্য দারুণভাবে অপেক্ষা করছি।’ এদিকে দীপ্ত টিভিতে গোলাম সোহরাব দোদুলের নির্দেশনায় প্রতি শনিবার থেকে বৃহস্পতিবার রাত ৯টায় প্রচারিত হচ্ছে ডেইলি সোপ ‘ভালোবাসার আলো আঁধার’। আগামী ২৭ সেপ্টেম্বর মুক্তি পাবে সুষমা অভিনীত গোলাম সোহরাব দোদুল পরিচালিত ‘সাপলুডু’ সিনেমাটি। তার অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা রায়হান রাফি পরিচালিত ‘দহন’। শিগগিরই তিনি শেষ করবেন নঈম ইমতিয়াজ নেয়ামুলের ‘জ্যাম’ সিনেমার কাজ।