স্ট্রিপার সেজে দারুণ চমক!

তা হ মি না  মি লি

 

সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হলিউডি সিনেমা ‘হাসলারস’ বক্স অফিসে সাফল্যের চমক দেখানোর পাশাপাশি দর্শক-সমালোচকদের প্রশংসা অর্জন করেছে। একদল স্ট্রিপার গার্লের নিত্যদিনের বিচিত্র অভিজ্ঞতার গল্প তুলে ধরা হয়েছে এ ছবিতে। পোল ড্যান্স ও স্ট্রিপটিজে নিয়োজিত নারীদের জীবনের সুখ-দুঃখ, আনন্দ-বেদনার গল্পে থ্রিল-সাসপেন্সও এসেছে ‘হাসলারস’ ছবিতে। এর গুরুত্বপূর্ণ কয়েকটি চরিত্রে অভিনয় করেছেন লিলি রেইনহার্ট, কনস্ট্যান্স উ, কার্ডি বি, লিজ্জো, জুলিয়া স্টিলস, কেকে পালমার প্রমুখ। তাদের সঙ্গে ছবির অন্যতম প্রধান চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় গায়িকা-অভিনেত্রী জেনিফার লোপেজ। তিনি এ ছবির একজন প্রযোজকও। ২০১৫ সালে নিউইয়র্ক ম্যাগাজিনে প্রকাশিত নিবন্ধ অনুসরণে ছবিটির চিত্রনাট্য সাজানো হয়েছে। নিউইয়র্ক শহরে জীবিকার তাগিদে বিভিন্ন ক্লাব, বারে স্ট্রিপটিজ-পোলড্যান্সে অংশগ্রহণকারী মেয়েদের জীবনের বাস্তব গল্প রুপালি পর্দায় দেখতে বসে দর্শক আলোড়িত হয়েছেন। ‘হাসলারস’ ছবিতে একদল স্ট্রিপার গার্লের মধ্যমণি ‘র্যামোনা’ চরিত্রে দুর্দান্ত অভিনয় করেছেন জেনিফার লোপেজ। একজন চৌকষ স্ট্রিপার গার্ল হিসেবে তার চমত্কার পারফরম্যান্স সবাই আবিষ্ট করেছে। পর্দায় তাকে দেখে সত্যিকার একজন স্ট্রিপার মনে হয়েছে, যে অর্থের বিনিময়ে একদল পুরুষের সামনে নিজেকে উন্মুক্ত করে নানা শারীরিক কসরত করে, বিনোদনের নানা পসরা সাজিয়ে তোলে। একজন স্ট্রিপার হিসেবে পর্দায় নিজেকে বাস্তবসম্মতভাবে উপস্থাপন করতে লোপেজের চেষ্টার কমতি ছিল না। এজন্য শুটিংয়ে যাওয়ার আগে রীতিমতো স্ট্রিপারদের দৈহিক কসরতের তালিম নিয়েছেন, পোল ড্যান্সার হিসেবে পারফরম করেছেন নাইট ক্লাবগুলোতে। র্যামোনা চরিত্রটিকে অপূর্ব যত্নে সাজিয়েছেন, দর্শক তার প্রতি কৌতূহলী হয়েছে জেনিফার লোপেজের অসাধারণ অভিনয়ের কারণে। এর মধ্যে দর্শক-সমালোচকদের রায়ে এটা তার অভিনয়জীবনের সেরা কাজ হিসেবে চিহ্নিত হয়েছে। তার মনে এক ধরনের আত্মবিশ্বাস ছিল ‘হাসলারস’ ছবিটিকে ঘিরে। ছবিটির নির্মাণ কাজ শুরুর পর থেকে অভিনীত চরিত্রটির নানা দিক নিয়ে বিভিন্নজনের সঙ্গে কথা বলেছেন বিশ্বখ্যাত এই গায়িকা-অভিনেত্রী। গত জুলাইয়ে বয়স ৫০ ছুঁয়েছে তার। আমেরিকান স্কেচ কমেডি টিভি সিরিজ ‘ইন লিভিং কালার’-এ ফ্লাই গার্ল ড্যান্সার হিসেবে শুরুতে আবিভূর্ত হলেও অভিনেত্রী হিসেবে ১৯৯৩ সালে আত্মপ্রকাশের আগ পর্যন্ত সেটা অব্যাহত রেখেছিলেন। গায়িকা হিসেবে দুনিয়াজুড়ে তার আলাদা খ্যাতি ও জনপ্রিয়তা রয়েছে। গানে গানে সংগীতপ্রেমীদের হূদয় জয় করে নিয়েছেন আরো আগেই। তবে শুধু গানের মধ্যেই নিজের ক্যারিয়ারকে সীমাবদ্ধ রাখেননি জেনিফার লোপেজ। বরং বিভিন্ন চরিত্রে অনবদ্য অভিনয় তাকে নতুন উচ্চতায় অধিষ্ঠিত করেছে নিঃসন্দেহে।