দার্শনিক

মেয়েদের কোনো এক হলের সামনে

এক বুড়ো মুচি

গন্তব্যে যাবার আনন্দ

আর অপমানে ক্ষতবিক্ষত

অনেক স্যান্ডেল আর জুতোর মলিনতা নিয়ে ব্যস্ত।

 

চোখ লাল, মুখে সিগারেট,

পড়বে পড়বে করেও দুলছে ছাই।

লাল ব্রাশের নিচে

আঙুলের কালি লাগা একটি দৈনিক কাগজ।

 

তাঁকে জিগ্যেস করেছি : ‘কত আয়?’

 

হোঁচট খাওয়া জুতোর

কোমরের বাঁকে, রং ওঠা মুখে

ক্রিম আর কালির প্রসাদ দিতে দিতে

চামড়ার রূপে চোখ রেখে

কাজের কণ্ঠে উত্তর দিলেন :

‘পায়ে পায়ে পথের চিহ্ন দেখি

দুঃখের সুখের চলাচল দেখি।’

 

আগুনের মুখে ছাই দুলছে তখনো।