বন্ধু ছাড়া লাইফ ইম্পসিবল! জীবনে চলার পথে আপনি ভালো বন্ধু যেমন পাবেন, তেমনি পাবেন অনেক ঘাড়ত্যাঁড়া, ঘাড় বাঁকা, চোর-বাটপারসহ নানা রকমের বন্ধু! আসুন তাদের পরিচয়ে একটু পরিচিত হই
ওহাব ওহী
দক্ষিণ শ্যামপুর, সাভার, ঢাকা
ঘাড় ত্যাঁড়া বন্ধু
প্রত্যেক বন্ধু গ্রুপেই দু’একজন ঘাড় ত্যাঁড়া বন্ধু থাকে। অত্যন্ত সুন্দর ও ভালো কাজেও তারা ভেটো দেবে! মেজাজটা তাদের কুকুরের লেজের মতো আজন্ম বাঁকা।
ছেঁচড়া বন্ধু
এই প্রকৃতির বন্ধুদের কাজে কর্মে একটা ছেঁচড়া মানসিকতা বিদ্যমান। এই যেমন একটা প্রোগ্রামের জন্য চাঁদা ধরা হলো, তারা সেটি না দিয়ে গড়িমসি করবে এবং শেষ পর্যন্ত তারা চাঁদাটা দেবে না।
কিপটা বন্ধু
এমন বন্ধুদের স্থান কোনোকালেই কোনো জায়গাতে বেশি দিন স্থায়ী হয়নি! কিপটা বন্ধুরা সবসময়ই শুধু নিতে জানে; দিতে জানে না। শুধু খেতেই জানে; খাওয়াতে জানে না।
বাটপার বন্ধু
বাটপার বন্ধুরা টোটালি বাটপারির ওপর দিয়ে চলাফেরা করে। মিথ্যা কথা বলে, অমুক-তমুকের সাথে ভুয়া প্রতিশ্রুতি দিয়ে ধারদেনা করে চলাফেরা করাই তাদের নিত্যকার রুটিন! এমন বন্ধুরা সর্বজন ধিকৃত।
উদার বন্ধু
মন্দের অপর পিঠ অবশ্যই ভালো; তেমনি পৃথিবীতে উদার বন্ধুর সংখ্যাও কিন্তু কম নয়। কেউ এমন বন্ধুদের বাড়িতে গেলে ভালো-মন্দ খাবারটি কিন্তু তারা নিজে না খেয়ে অন্য বন্ধুদের খাওয়াবে। এই যেমন আমি!
গিবত বন্ধু
এমন বন্ধু ভয়ংকর। তারা আপনার অনুপস্থিতিতে আপনার মাথা পর্যন্ত গিলে খাবে। পোস্টমর্টেম করে ছাড়বে আপনার সারা দেহ!
চোর বন্ধু
হাত টানের অভ্যাস বন্ধু যেকোনো বন্ধু সার্কেলের জন্যই অত্যন্ত দুর্ভাগ্যের! এমন বন্ধুদের নিয়ে যেকোনো অনুষ্ঠানে যাওয়া মানেই সমূহ বিপদ অতি সন্নিকটে; সামনে রয়েছে অশনি সংকেত!
দুধের মাছি বন্ধু
সুসময়ে বন্ধু বটে অনেকেই হয়; অসময়ে হায় হায় কেউ কারো নয়! এই শ্রেণির বন্ধু-বান্ধবের সংখ্যাই পৃথিবীতে সবচেয়ে বেশি!
হিংসুটে বন্ধু
হিংসুটে বন্ধুরা কখনোই আপনার মঙ্গল চাইবে না। পারে তো তারা আপনার উন্নতির পথে ইয়া বড় একটি গর্ত করে সেখানে ফেলে আপনাকে মেরে ফেলে!
দাপুটে বন্ধু
সব সার্কেলেই দু-একজন দাপুটে বন্ধু থাকে! তারা যেকোনো বিপদেই মারমার করে আপনার নিকট ছুটে আসবে। আপনাকে রক্ষা করবে!
অকৃতজ্ঞ বন্ধু
বন্ধুত্বের পরিচয়ে পৃথিবীতে কৃতজ্ঞতার চেয়ে অকৃজ্ঞতার ব্যাপারটিই বেশি ঘটেছে। তাই আসুন, আমরা ভালো বন্ধু খুঁজি, সুন্দর পৃথিবী গড়ি!