শীতের এই সময়ে শরীরের উষ্ণতা বাড়াতে চায়ের জুড়ি নেই। যারা দুধ চা পছন্দ করেন না তাদের জন্য আমাদের এবারের আয়োজনে রয়েছে ভিন্ন স্বাদের ৪টি চায়ের রেসিপি। রেসিপিগুলো দিয়েছেন আলভী রহমান শোভন
বাটারফ্লাই পি ফ্লাওয়ার টি
উপকরণ :পানি ৪ কাপ, অপরাজিতা ফুল ৮টি, এলাচ ২টি, মধু ৪ চা চামচ।
প্রণালি :ফুটন্ত পানিতে এলাচ দিন। এবার অপরাজিতা ফুলের পাপড়ি পানিতে ছাড়ুন। পানি নীল হয়ে এলে এবং পাপড়িগুলো সাদা হয়ে গেলে চুলা বন্ধ করে কাপে ঢেলে মধু মিশিয়ে পরিবেশন করুন।
স্ট্রবেরি টি
উপকরণ :স্ট্রবেরি জুস ১ টেবিল চামচ, ব্ল্যাক টি ১ চা চামচ, পানি ৪ কাপ, স্ট্রবেরি কুঁচি ১ চা চামচ, মধু ৪ চা চামচ।
প্রণালি :পানি ফুটতে দিন। বলক উঠলে ব্ল্যাক টি দিয়ে দিন। চায়ের রং উঠলে স্ট্রবেরি জুস দিন। নেড়েচেড়ে চুলা বন্ধ করে ছেঁকে কাপে ঢেলে নিন। মধু ও স্ট্রবেরি কুঁচি দিয়ে পরিবেশন করুন।
তেঁতুলের টক ঝাল চা
উপকরণ :পানি ৪ কাপ, তেঁতুলের মাড় ২ চা চামচ, কাঁচামরিচ ২টি, চিনি ১ চা চামচ, কালো চা পাতা ২ চা চামচ।
প্রণালি :পানি ফুটিয়ে এতে একে একে তেঁতুলের মাড়, কাঁচা মরিচ ও চিনি দিন। ভালোভাবে উপকরণগুলো মিশে গেলে এবং ফ্লেভার বের হলে চা পাতা দিন। ভালোভাবে ফুটিয়ে কাপে ঢেলে পরিবেশন করুন।
মিন্ট টি
উপকরণ :পুদিনার শুকনা পাতা ২ চা চামচ, পুদিনার তাজা পাতা ১ চা চামচ, পানি ৪ কাপ, চিনি ৪ চা চামচ।
প্রণালি :পানি ফুটাতে দিন। এবার পুদিনার শুকনো পাতা দিয়ে ফুটান। এরপর পুদিনার তাজা পাতাগুলো দিয়ে দিন। চা হয়ে এলে চুলা বন্ধ করে কাপে ঢেলে চিনি মিশিয়ে পরিবেশন করুন।