বিশ্বপ্রবাহ ডেস্ক
ইসরায়েলের নির্বাচনে আসন সংখ্যার নিরিখে বৃহত্তম দল হতে পারেনি বেঞ্জামিন নেতানিয়াহুর লিকুদ পার্টি। তা সত্ত্বেও প্রধানমন্ত্রী পদ ধরে রাখার আপ্রাণ চেষ্টা করছেন নেতানিয়াহু। তার নেতৃত্বাধীন সরকারে শামিল হওয়ার জন্য তিনি বৃহত্তম দল ব্লু অ্যান্ড হোয়াইট পার্টির নেতা বেঞ্জামিন বেনি গানত্জকে আহ্বান জানিয়েছেন। গানত্জ অবশ্য ঐ আহ্বান উড়িয়ে দাবি করেছেন, তিনিই ইসরায়েলের পরবর্তী প্রধানমন্ত্রী।
সরকার গঠন নিয়ে ইসরায়েলের প্রেসিডেন্ট আর রিভলিন শিগগিরই রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু করবেন বলে জানিয়েছেন। ১২০ আসনের ইসরায়েল পার্লামেন্টের ভোট গণনার পর দেখা যায়, গানেজর ব্লু অ্যান্ড হোয়াইট পার্টি পেয়েছে ৩৩টি আসন এবং ৩১টি আসনে জয়ী হয়েছে নেতানিয়াহুর লিকুদ পার্টি। ব্লু অ্যান্ড হোয়াইট পার্টির নেতৃত্বাধীন মধ্য-বাম জোট দখল করেছে ৫৭টি আসন এবং নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোট জয়ী হয়েছে ৫৫টি আসনে। নেতানিয়াহু বলেন, ‘বেনি, আমাদের একটা ঐক্যবদ্ধ সরকার গঠন করতে হবে। যে কোনো সময়ে আমার সঙ্গে দেখা করতে পারেন।’ গানেজ অবশ্য তাকে সোজা বলে দিয়েছেন, পরবর্তী সরকার গঠিত হবে তার নেতৃত্বেই।