মোস্তফা রনি
বিজ্ঞান বিষয়ে স্কুল ও কলেজ পড়েও ব্যাংকিং খাতে ক্যারিয়ার গড়েন নাজ এ এস হোসাইন। ছোটোবেলার ইচ্ছা থেকেই তার ব্যাংকিং খাতে যাওয়া। তবে দীর্ঘ ১৬ বছরের ক্যারিয়ার ছেড়ে আজ তিনি ই-কমার্সে নিজেকে যুক্ত করেন। বর্তমানে নাজ বাংলাদেশের সবচেয়ে বড়ো মার্কেটপ্লেস বিক্রয় ডটকমের হেড অব মার্কেটপ্লেস অ্যান্ড সেলস ও সার্ভিস সেন্টারের দায়িত্ব পালন করছেন। দুরন্ত এই মেয়েটির বেড়ে ওঠা রাজধানীর ধানমন্ডি এলাকায়। খেলাধুলা ও দুষ্টামির মধ্যদিয়েই বাবা-মার সঙ্গে ধীরে ধীরে বড়ো হতে থাকে সে। চার ভাইবোনের মাঝে সবচেয়ে ছোটো নাজ। পড়াশোনায় ফাঁকি ও দুষ্টামি করার জন্য মাঝে মধ্যেই মার কাছে বকুনি শুনতেন তিনি।
ঢাকার হলিক্রস স্কুল অ্যান্ড কলেজ থেকে ১৯৮৫ সালে এসএসসি এবং ১৯৮৭ সালে বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি পাশ করেন। ১৯৮৯ সালে তিনি লালমাটিয়া মহিলা কলেজে বিকম করেন। পরবর্তীতে ১৯৯৫ সালে এএনজেড গ্রিন্ডলেজ ব্যাংকে ম্যানেজমেন্ট প্রশিক্ষণার্থী হিসাবে ক্যারিয়ার শুরু করেন। ব্যাংকে চাকরি করার পাশাপাশি ২০০৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস এ্যাডমিনিস্টেশন (আই বি এ) থেকে এম বি এ করেন। এর আগে ১৯৯৯ সালে তার এক সহকর্মীর সঙ্গে সংসার জীবন শুরু করে সে। স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে চাকরি চলাকালীন হেড অব ডিস্ট্রিবিউশন প্রজেক্ট, হেড অব কাস্টমার এক্সপিরিয়েন্স ম্যানেজমেন্ট অ্যান্ড সার্ভিস কোয়ালি, কন্টাক্ট সেন্টার অ্যান্ড অলটারনেট চ্যানেল ম্যানেজার এবং ব্রাঞ্চ ম্যানেজার হিসাবেও দায়িত্ব পালন করেন। ২০১২ সালের মে মাসে স্ট্যান্ডার্ড ব্যাংক থেকে চাকরি ছেড়ে চলে আসেন নাজ।
১৬ বছরের চাকরি ছেড়ে দেওয়ার বিষয়ে জানতে চাইলে নাজ এ এস হোসাইন বলেন, ব্যাংকিং খাতে চাকরি করার ক্ষেত্রে দেখা যায় নির্দিষ্ট একটা সময়ের বাহিরে অতিরিক্ত সময় দিতে হয়। যার কারণের আমার পরিবারে কোনো সময় দিতে পারতাম না। ঐ সময় আমার ছোটো ছোটো দুই জন সন্তান ছিল। তাদেরকেও কোনো সময় দিতে পারি নাই। এছাড়াও দীর্ঘ সময় একটা চাকরি করতে করতে তার প্রতি একধরনের বিরুক্তি চলে আসে। সেখান থেকেই চাকরি ছেড়ে দেওয়া। চাকরি ছেড়ে তিন বছর পরিবাবের সঙ্গে সময় দিয়ে ২০১৫ সালে আবারও বিক্রয় ডটকমে চাকরি শুরু করেন।
প্রথম দিকে এই চাকরি করার ইচ্ছা না থাকলেও স্বামী আহসানের উত্সাহে চাকরিতে যোগদান করেন। বর্তমানে বিক্রয় ও সেবা কেন্দ্রের পাশাপাশি ই-কমার্স উইং বাই নাউসহ বিক্রয়ের মার্কেটপ্লেস এ কাজ করছেন। যোগদানের পর থেকে, সফলভাবে একাধিক নতুন বিভাগ (কিউএ, আউটবাউন্ড বিক্রয়, ই-কমার্স উইং, তালিকা, বিক্রয়-পরবর্তী এবং সংগ্রহ) প্রতিষ্ঠিত করে। এছাড়াও ১২০ জন সদস্যের একটি অত্যন্ত শক্তিশালী দলের নেতৃত্ব দিচ্ছে সে। তবে বিক্রয় ডটকমকে দেশের সেরা ব্র্যান্ডে তৈরির জন্যও কাজ করছেন তিনি। চাকরি জীবন শেষ করে তার দেশের প্রবীণদের জন্য বৃদ্ধাশ্রম এবং পথ শিশুদের জন্য কাজ করতে চান।
ই-কমার্সে নতুন উদ্যোক্তাদের উদ্দেশ্যে তিনি বলেন, মানুষ এখন খুবই আনন্দ প্রিয় কিন্তু তারা ব্যস্ত সময় পার করে। যার কারণে ই-কমার্সের দিকে মানুষ ঝুঁকছে। মানুষ আর বাজারে ঘুরে ঘুরে শপিং করতে চায় না। যার কারণে ই-কমার্স দিন দিন বাড়ছে। তবে গ্রাহকদের মাঝে এক ধরনের বিশ্বাস তৈরি করতে হবে। মানুষ যাতে একবার শপিং করে আবার ফিরে আসে সেই কথা চিন্তা করে গ্রাহকের কাছে সর্বোচ্চ বিশ্বাস অর্জন করতে হবে।