খুলনায় মহিদুল ইসলাম (২৮) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। মঙ্গলবার বিকেলে নগরীর সোনাডাঙ্গা মজিদ সরণীর সুজুকি শোরুমের সামনে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত মহিদুল বটিয়াঘাটা উপজেলার জলমা মাদরাসা রোডের মো. শওকত আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, বিকাল পৌঁনে চারটার দিকে মহিদুল ইসলামসহ চারজন সোনাডাঙ্গা মজিদ সরণীর সুজুকি শো রুমে আসেন। তিনজন শো রুমের ভিতরে যান ও মহিদুল বাইরে দাঁড়িয়ে ছিলেন। এ সময় অজ্ঞাত সন্ত্রাসীরা তাকে উপর্যুপরি কুপিয়ে ফেলে রেখে যায়।
জানা গেছে, মহিদুল বটিয়াঘাটা উপজেলার জলমা ইউনিয়ন আওয়ামী যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। তার বিরুদ্ধে জমি দখলসহ বিভিন্ন অভিযোগ রয়েছে।
আরও পড়ুন: বেরোবিতে ভর্তি পরীক্ষার রেজিস্ট্রেশন সাময়িক স্থগিত
সোনাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মমতাজুল হক বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জমিজমা সংক্রান্ত বিরোধের কারণে এ হত্যাকাণ্ড ঘটতে পারে।
খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) শেখ মনিরুজ্জামান মিঠু বলেন, নিহতের পেটের বাম পাশে ও গলায় ধারালো ছুরি দিয়ে আঘাত করা হয়। অতিরিক্ত রক্তক্ষরণে তিনি ঘটনাস্থলেই মারা যান। জড়িতদের ব্যাপারে খোঁজ নেওয়া হচ্ছে।
ইত্তেফাক/অনি