কমছে ডেঙ্গু রোগীর সংখ্যা, ২৪ ঘণ্টায় নতুন ভর্তি ৩৯৮

সারাদেশে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা কমছে। রাজধানীসহ সারাদেশে ২৪ ঘণ্টায় (২৪ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে ২৫ সেপ্টেম্বর সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি নতুন রোগীর সংখ্যা ৩৯৮ জন। তাদের মধ্যে রাজধানী ঢাকায় ১৩১ ও ঢাকার বাইরে ২৬৭ জন। বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালের সর্বমোট ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা ১ হাজার ৭৪৫ জন। এর মধ্যে ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ৬৮০ জন ও অন্য বিভাগে ১ হাজার ৬৫ জন।

চলতি বছর রাজধানীসহ সারাদেশে ডেঙ্গু আক্রান্ত সরকারি বেসরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৮৬ হাজার ১৫৫৮। ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত সর্বমোট ভর্তি রোগীর মধ্যে ইতিমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮৪ হাজার ১৮৬ রোগী।

স্বাস্থ্য অধিদপ্তরের ইমার্জেন্সি অপারেশনস সেন্টার ও কন্ট্রোল রুম থেকে প্রাপ্ত প্রতিবেদন থেকে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ১৫ শতাংশ কমেছে। এ যাবত ডেঙ্গু রোগে ৭৫ জনের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন:  ‘রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও সম্পৃক্ত থাকতে হবে’

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন থেকে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ৪৮, মিটফোর্ড হাসপাতালে ১৮, ঢাকা শিশু হাসপাতালে ৪, শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে ১৪, বিএসএমএমইউতে ৭, মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ৬, সম্মিলিত সামরিক হাসপাতালে ৬ জন এবং কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ৭ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।

ঢাকা বিভাগের বিভিন্ন হাসপাতালে (ঢাকা শহর ব্যতীত) ৫৬ জন, চট্টগ্রাম বিভাগে ৩৭ জন, খুলনা বিভাগে ৮৭ জন, রংপুর বিভাগে ৯ জন, রাজশাহী বিভাগে ১৯ জন, বরিশাল বিভাগে ৪৯ জন, সিলেট বিভাগে ৫ জন ও ময়মনসিংহ বিভাগে ৫ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগী ভর্তি হন।

ইত্তেফাক/জেডএইচডি