ই ম রু ল নূ র
ঢাকাই ছবির সম্ভাবনাময়ী চিত্রনায়িকা তানহা তাসনিয়া। তার সর্বশেষ ছবি ‘ভালো থেকো’ মুক্তি পেয়েছিল দুই বছর আগে। এরপর তাকে আর সিনেমায় দেখা যায়নি। বর্তমানে তার ব্যস্ততা চলচ্চিত্র ঘিরে নয়, মডেলিং ও ছোট পর্দার কাজ নিয়ে। সিনেমার বাইরে বেশ কিছু গানের ভিডিওতে দেখা গিয়েছে তাকে। শুধু তাই নয়, নাটক ও বিজ্ঞাপন নিয়েই বেশ ব্যস্ত রয়েছেন এই নায়িকা। সম্প্র্রতি একটি নাটকের কাজ শেষ করেছেন তানহা। নিলয় মাসুদ পরিচালিত নাটকটির নাম ‘যে পাখি ঘর বুঝে না’। নাটকে তার সঙ্গে জুটি বেঁধেছেন নিলয় আলমগীর।
তানহা বলেন, ‘এখন বলা যায় নাটক ও বিজ্ঞাপন নিয়ে বেশ ব্যস্ত রয়েছি। এরমধ্যে বেশকিছু নাটক ও বিজ্ঞাপনের কাজ করেছি। ভালো হলে মিউজিক ভিডিওতে কাজ করছি। আমি মনে করি, বসে থাকার চেয়ে কাজ করা ভালো। অনেকেই হয়তো মনে করে বড় পর্দা থেকে এখন ছোট পর্দায় কাজ করছি কেন! কিন্তু আমি মনে করি, একজন অভিনয়শিল্পীর কাজ হচ্ছে অভিনয় করা। ছোট বা বড়—যে পর্দায়ই হোক, সেখানে তো অভিনয়ই করতে হয়। কাজের সংখ্যার সঙ্গে সঙ্গে অভিজ্ঞতাটাও বাড়ে। তবে যে কাজগুলোই করছি, বেছে বেছে করার চেষ্টা করছি। এরমধ্যে কয়েকটা নাটকের কাজ করেছি। এই মাসে আরো কয়েকটা নাটকের ডেট দেওয়া আছে।’ সিনেমার বাইরে নাটক, মিউজিক ভিডিও ছাড়াও বিজ্ঞাপনে দেখা গিয়েছে তাকে। চলতি বছরের শুরুর দিকে দেখা গিয়েছিল ‘পার্টনার’ ওয়েব সিরিজে। এরপর কিছুদিন আগে ‘আলো-ছায়ার কাব্য’ শিরোনামের একটি ওয়েবের কাজ শেষ করেন।
তানহা বলেন, ‘ধীরে সুস্থে নিজের লক্ষ্যে পৌঁছাতে চাই, তাই এখন খুব কম কাজ করছি। ব্যস্ত থাকতে হবে বলে কোনো কাজ করি না, মানসম্মত হলেই সেটি করার চেষ্টা করি।’
সিনেমা দিয়ে যার যাত্রা শুরু, সে কিনা সিনেমাতেই এখন অনিয়মিত। এ প্রসঙ্গে তানহা বলেন, ‘সর্বশেষ মুক্তি পেয়েছে জাকির হোসেন রাজু পরিচালিত ‘ভালো থেকো’ সিনেমাটি। এই ছবিতে আমার বিপরীতে ছিলেন আরেফিন শুভ। এরপর থেকে বেশকিছু সিনেমার প্রস্তাব পেয়েছি। কিন্তু ভালো গল্প না হওয়ায় রাজি হইনি। আমি অপেক্ষা করছি। ভালো গল্প, বাজেট, পরিচালক ও নায়ক পেলেই সিনেমা করব। তা না হলে করবই না। এখন বুঝে শুনে পা ফেলতে চাই। অভিনয় করতে চাই ভিন্ন কিছু চরিত্রে। গতানুগতিক নায়িকার গণ্ডি ভেঙে নিজের অভিনয় পরিধিকে বাড়াতে চাই। দেখাতে চাই নিজের যোগ্যতা। বাকিটা না হয় দর্শকেরাই বিচার করবে। স্বপ্ন দেখি, ভালো নির্মাতা ও গল্পের সান্নিধ্যে ভালো অভিনয়ের সুবাদে দক্ষ নায়িকা হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করার।’