ছোট পর্দার ব্যস্ততম অভিনেত্রী তানিয়া সুলতানা স্নেহা এবার অভিনয় করলেন ধারাবাহিক নাটক ‘বাটপার আনলিমিটেড’-এ। শিগগিরই এটিএন বাংলায় প্রচারিতব্য এ ধারাবাহিকটি রচনা করেছেন আহসান আলমগীর এবং পরিচালনা করেছেন মজিবুল হক খোকন। নাটকে অভিনয় প্রসঙ্গে স্নেহা বলেন, ‘এই ধারাবাহিক নাটকে আমি জোছনা চরিত্রে অভিনয় করেছি। এর গল্পটাও বেশ মজার। কমেডি ঘরানার এই নাটকে দেখা যাবে, জোছনা একজন বাটপার।
যে মেয়ে বিভিন্ন কৌশলে মানুষকে বোকা বানিয়ে নিজের স্বার্থসিদ্ধি করে। আশা করছি, দর্শকদের নাটকটি ভালো লাগবে।’ এর আগে স্নেহা অভিনীত বিভিন্ন চ্যানেলে প্রচারিত উল্লেখযোগ্য নাটকগুলো হলো ধারাবাহিক ‘মন থেকে দূরে নয়’, ‘নানা রঙের মানুষ’; একখণ্ড ‘বিবাহ দিবস’, ‘রেগে গেলেন তো হেরে গেলেন’, ‘রাতের অতিথি’, ‘চেয়ারম্যানের পোলা’ প্রমুখ।