আমিনুল ইসলাম হিরু
বগুড়া অফিস
লোকজ ধারার প্রতিটি পরতের আবহ ফুটিয়ে তুললো বগুড়ার আমরা ক’জন শিল্পীগোষ্ঠী ও ভারতের ত্রিন্তিনি ড্যান্স ট্রুপ। গত শুক্র ও শনিবার সন্ধ্যায় বগুড়া শহীদ টিটু মিলনায়তনে ভরা দর্শক-শ্রোতারা মুগ্ধ হয়ে উপভোগ করেন নৃত্যনাট্য ‘বারামখানা’ ও নৃত্যালেখ্য ‘মাটির মানুষ’। মিষ্টি লোকজ সুর আর নান্দনিক নৃত্যের ছন্দে সাজানো এমন অনুষ্ঠানকে গীতিনাট্য, গীতিআলেখ্য না নৃত্যালেখ্য বলা যায় এমন প্রশ্ন ছুঁড়ে দিলো আয়োজক প্রতিষ্ঠান আমরা ক’জন শিল্পীগোষ্ঠী। ভারতের কলকাতার ত্রিন্তিনি ড্যান্স ট্রুপ তাদের নৃত্যালেখ্য উত্সর্গ করে উপমহাদেশের লোকজ সংগীত সাধক কালিকা প্রসাদ ভট্টাচার্যকে। দুই বাংলার নৃত্যশিল্পীরা প্রমাণ করে দিলেন লোকগান শুধু শোনার নয়, হূদয় দিয়ে উপলব্ধি করার বিষয়ও। আমরা ক’জন শিল্পীগোষ্ঠী পরিবেশন করে লালন শাহ’র জীবনভিত্তিক নৃত্যনাট্য ‘বারামখানা’। বারামখানা নৃত্যনাট্যে নৃত্য নির্দেশনায় ছিলেন মাহাবুব হাসান সোহাগ আর নাট্য নির্দেশনা দেন লায়ন আব্দুল মোবিন জিন্নাহ। মাটির মানুষ নৃত্যালেখ্য নির্দেশনায় ছিলেন কলকাতার সুকান্ত চট্টোপাধ্যায়। আমরা ক’জন শিল্পীগোষ্ঠীর প্রতিষ্ঠাতা সভাপতি নৃত্যগুরু আব্দুস সামাদ পলাশ স্মৃতি পদক প্রদানকে ঘিরে আয়োজন করা হয় আন্তর্জাতিক লোকজ নৃত্য উত্সব। দু-দিনের আয়োজনে প্রথমদিন ছিল আমরা ক’জন শিল্পীগোষ্ঠীর পরিবেশনা নৃত্যনাট্য বারামখানা ও ত্রিন্তিনি ড্যান্স ট্রুপের পরিবেশনায় মঞ্চস্থ হয় মহারাষ্ট্রের লোকজ নৃত্য ও চা বাগানের শ্রমিকের জীবনালেখ্যের নৃত্যাংশ। পরদিন আমরা ক’জন শিল্পীগোষ্ঠী পরিবেশন করে বাংলার লোকজ নৃত্য এবং ত্রিন্তিনি ড্যান্স ট্রুপ পরিবেশন করে কালিকা প্রসাদের জীবনী নিয়ে নৃত্যালেখ্য মাটির মানুষ। লোকজ ও শাস্ত্রীয় নৃত্যের আবহকে সঙ্গে নিয়ে লোকজ যে ধারা, তুলে ধরে তা দুই বাংলার লোকগানের বাহক হয়ে তিন প্রজন্মকে একই সুতায় বাঁধে। যা চেয়েছিলেন কালিকা প্রসাদ ভট্টাচার্য। নাচ ও গানের মাধ্যমে স্মরণ করা হয় কালিকা প্রসাদকে। নৃত্যালেখ্যর ফাঁকে ফাঁকে ভরাট ও দরদমাখা কণ্ঠে বাংলা লোকজ গানের প্রতি কালিকা প্রসাদের ভালোবাসার বর্ণনা দর্শক হূদয় ছুঁয়ে যায়। কালিকা প্রসাদ গানের মাধ্যমে সমাজ, জাতি ও দেশকে তুলে ধরতেন। ত্রিন্তিনি ড্যান্স ট্রুপ এই স্রষ্টার প্রতিটি ধারাকে সঙ্গে নিয়ে লোকজ মাধ্যমে সমাজকে তুলে ধরে প্রজন্মকে এগিয়ে নিয়ে যাচ্ছে। দু-দিনের এই আয়োজন আমরা ক’জন শিল্পীগোষ্ঠীর প্রধান উপদেষ্টা লায়ন মোজাম্মেল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্মসচিব ড. মাছুমুর রহমান, বগুড়া জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ, পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা, বগুড়া জেলা পরিষদের চেয়ারম্যান ডা. মকবুল হোসেন, অধ্যক্ষ শাহাবুদ্দিন সৈকত প্রমুখ।