মোহাম্মদ আরজু
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত্ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় অনুষ্ঠিত হয়েছে ভারত-বাংলাদেশের শিল্পীদের কণ্ঠে পিতাকে নিবেদিত আবৃত্তি অনুষ্ঠান। জেলা আওয়ামীলীগের মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে তিতাস আবৃত্তি সংগঠন এর আয়োজন করে। গত ১৫ আগস্ট বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া শহরের শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ কর্মসূচি পালিত হয়। ত্রিপুরার গণমানুষের কবি দিলীপ দাস বঙ্গবন্ধুকে নিয়ে তার লেখা হাওর কবিতাপাঠের মাধ্যমে আবৃত্তি অনুষ্ঠানের উদ্বোধন করেন। সংগঠনের ছোটদলের শিল্পীদের পরিবেশনায় মুজিব মানে মুক্তি বৃন্দ আবৃত্তির মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকারের সভাপতিত্বে ও তিতাস আবৃত্তি সংগঠনের সহকারী পরিচালক বাছির দুলালের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খান। আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন ত্রিপুরার সাংস্কৃতিক সংগঠক সাংবাদিক অমিত ভৌমিক। অন্যান্যের মাঝে শ্রদ্ধা নিবেদন করেন সাহিত্য একাডেমির সভাপতি কবি জয়দুল হোসেন, প্রবীণ আইনজীবী মিন্টু ভৌমিক, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মুজিবুর রহমান বাবুল, অধ্যাপক মানবর্ধন পাল, অধ্যক্ষ সোপানুল ইসলামসহ অনেকে।