যবিপ্রবিতে দু’পক্ষের সংঘর্ষে ৫ শিক্ষার্থী আহত

‘ফেসবুক স্ট্যাটাসে কমেন্টস করা নিয়ে’ বিরোধের সূত্র ধরে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) দু’পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ৫ শিক্ষার্থী আহত হয়েছেন।

বুধবার বিকেলে যবিপ্রবি ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।

আহতরা হলেন, প্রেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিংয়ের মাস্টার্সে ছাত্র আশিক খন্দকার, ফিজিক্যাল এডুকেশন ৩য় বর্ষের কামরুল হাসান, ইংরেজি ১ম বর্ষের জুয়েল রানা ও রুহুল কুদ্দুস এবং গণিতের মাস্টার্সের ছাত্র ইলিয়াস হোসেন। তাদের ২৫০ শয্যাবিশিষ্ট যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন: সিরাজগঞ্জে কোচ-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে নিহত ২

আহত ইলিয়াস হোসেন জানান, যবিপ্রবি’র এক ছাত্রীর স্ট্যাটাসে অশ্লীল মন্তব্য করেন জুয়েল। এর প্রতিবাদ করলে জুয়েল ও তার বন্ধুরা তাকে মারপিট করেন। পরে ইলিয়াসের সহপাঠীরা জুয়েলসহ অন্যদের ধাওয়া করে।

অপরদিকে জুয়েল ও অন্যরা জানান, বিশ্ববিদ্যালয়ের বহিষ্কৃত অন্তর দে শুভ ও ইসমে আজম শুভ বহিরাগতদের নিয়ে এসে তাদের উপর হামলা চালায়। এতে তারা চারজন আহত হন। পরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

যবিপ্রবি উপাচার্য প্রফেসর ড. আনোয়ার হোসেন জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়েছিলেন। বিশ্ববিদ্যালয়ের বহিষ্কৃত অন্তর দে শুভ ও ইসমে আজম শুভ বহিরাগতদের নিয়ে এসে ছাত্রদের উপর হামলা করেছে। দুই শুভই বহিষ্কৃত ছিল। সম্প্রতি তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে জানুয়ারিতে নতুন সেশনে ভর্তির সুযোগ দেয়া হয়েছে। কিন্তু তার আগেই তারা আবার এ ধরনের ঘটনার সাথে জড়িত হলো। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পুরো ঘটনা খতিয়ে দেখবে।  

ইত্তেফাক/এমআরএম