নওগাঁয় সঞ্চয় অফিস থেকে সঞ্চয়ীদের আত্মসাত্কৃত ২ কোটি ৩৭ লাখ টাকার মধ্যে ২২ লাখ ৮৭ হাজার টাকা উদ্ধার করেছে দুদক। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে ওই অফিসের উচ্চমান সহকারী হাসান আলীকে বুধবার গ্রেফতার করা হয়েছে।
দুদকের কর্মকর্তা দুর্নীতি দমন কমিশন রাজশাহী’র সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আলমগীর হোসেন জানিয়েছেন, জাতীয় সঞ্চয় অফিস/ব্যুরো নওগাঁ অফিস থেকে ৬২ জন সঞ্চয়ীর ২ কোটি ৩৭ লাখ টাকা লাপাত্তা হয়েছে মর্মে নওগাঁ সদর মডেল থানায় ১৫ জুন মামলা করেন ঐ অফিসের সহকারী পরিচালক নাসির উদ্দিন।
আরও পড়ুন: মঠবাড়িয়ায় শিক্ষকের বেতের আঘাতে চোখ হারানোর শঙ্কা স্কুলছাত্রের
জানা গেছে, নওগাঁ সঞ্চয় অধিদপ্তর অফিসে ২০১৪ সাল থেকে অফিস সহায়ক পদে কর্মরত ছিলেন সাদ্দাম হোসেন। ২০১৮ সালের ডিসেম্বর মাস থেকে হঠাত্ অফিসে আসা বন্ধ করে দেন তিনি। ৭ মাস অফিসে আসেনি। সাদ্দাম বেশ কিছু আমানতের হিসাবের রেকর্ড না রেখে গ্রাহককে ভুয়া সিল-স্বাক্ষরে রসিদ দিয়েছেন। এ ধরনের বিভিন্ন পন্থায় দুই কোটি ৩৭ লাখ টাকা আত্মসাত্ করা হয়েছে ।
পরে মামলাটি দুদকে পরিপ্রেরিত হলে তদন্ত শুরু করে তারা। প্রথম পর্যায়ে সাদ্দাম হোসেনকে গ্রেফতার করা হয়। তার দেওয়া স্বীকারোক্তি এবং গোপন সোর্সে দুদক সংবাদ পায় যে অফিসের উচ্চমান সহকারী হাসান আলী এই ঘটনায় জড়িত। এমন কি তার অফিসের আলমারিতে আত্মসাত্কৃত টাকা রয়েছে। এই পরিপ্রেক্ষিতে বুধবার নওগাঁয় সঞ্চয় অফিসে দিনব্যাপী তল্লাশি চালানো হয়। এ সময় হাসান আলীর অফিসিয়াল আলমারি থেকে ২২ লাখ ৮৭ হাজার টাকা উদ্ধার করা হয়। দুদকের অনুমান এই টাকাগুলো গ্রাহকের আত্মসাত্কৃত টাকার অংশ।
ইত্তেফাক/এমআরএম