ভেঙ্গে গেলেও সংস্কার হয়নি রাস্তা

মানিকগঞ্জে ব্যক্তিগত টাকায় রাস্তায় বাশের বাঁধ দিয়েও ভাঙ্গন ঠেকাতে পারেনি। জেলা সদরের নবগ্রাম ইউনিয়ন পরিষদের আওতাধীন সরুপাই নয়াকান্দি কাচা রাস্তাটি বর্ষার পানির প্রবল স্রোতে বাঁশের বাঁধসহ ভেঙ্গে গেছে।

রাস্তা ভেঙ্গে যাওয়ার পূর্বে স্থানীয় নয়াকান্দি গ্রামের মনোয়ারা বেগম নামের এক বিধবা মহিলা রাস্তা ও তাদের বাড়ির ভাঙ্গন ঠেকাতে ১৫/১৬ হাজার টাকা খরচ করে বাঁধ নির্মাণ করেন। পরবর্তীতে প্রচণ্ড স্রোতে রাস্তাটি ভেঙ্গে যায়।

স্থানীয়দের  অভিযোগ, রাস্তা ভেঙ্গে যাওয়ার দেড় মাস অতিবাহিত হলেও মাটির রাস্তার সংস্কার করা হয়নি। ভেঙ্গে গিয়ে তাদের চলাচল বন্ধ হয়ে গেছে। রাস্তার পাশে বসতভিটে ভাঙ্গনের হুমকিতে রয়েছে। সরুপাই বাজার থেকে নবগ্রাম বাজার হয়ে রামদিয়া, সরুপাই,ধলাই, বেরিরচর, নয়াকান্দি, নবগ্রাম, নয়াচর, করচাবাধাসহ বহু লোকজন এই রাস্তা দিয়ে প্রতিদিন যাতায়াত করে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, বর্ষার পূর্বে নবগ্রাম ইউনিয়নের উপর দিয়ে বয়ে যাওয়া উভাজানী খাল খনন করা হয়েছিল। খাল খননের পরে বর্ষার শুরুতেই স্রোতে পড়ে। বর্ষার পানি কমতে শুরু করলে রাস্তাটি ভেঙ্গে যায়। এতে স্থানীয়দের যোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। 

নবগ্রাম ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের নয়াকান্দির মৃত আইনুদ্দিনের স্ত্রী মনোয়ারা বেগম জানান, রাস্তা ভাঙ্গন ঠেকাতে নিজে ১৫/১৬ হাজার টাকা বাঁধ দিতে খরচ করছি। কিন্তু স্রোতে রাস্তা ভেঙ্গে গেছে। অতি দ্রুত ভাঙ্গন রোধ না করা হলে আশে-পাশে বাড়ি ঘর ভেঙ্গে যাওয়ার সম্ভাবনা রয়েছে। 

স্থানীয়রা বলেন, মেম্বার  বা চেয়ারম্যান কেউ এসে রাস্তাটি  ভাঙ্গন ঠেকাতে কোন ব্যবস্থা নেয়নি। এমনকি দেড় মাস হয়ে গেলেও রাস্তা সংস্কারের নাম নেই বলে জানান তারা। 

নবগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাকিব হোসেন ফরহাদ জানান, বিষয়টি আমরা ইউএনও স্যারকে জানাইছি। পরে এসিল্যান্ড স্যার আসছিল তিনি দেখে গেছেন এবং দ্রুত রাস্তা সংস্কারের ব্যাপারে আশ্বাস দিয়েছেন।

মানিকগঞ্জ সদর উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আম্বিয়া বেগম শিল্পী জানান, বিশেষ বরাদ্দ পেয়েছি সাধারণ কোন বরাদ্দ এখনো পাইনি। বরাদ্দ পেলে ইউনিয়নের চেয়ারম্যানকে রাস্তার কাজ করার বিষয়টি জানাবো।

ইত্তেফাক/জেডএইচ