ত্রিদেশীয় সিরিজের ফাইনালের আগেই রাসেল ডমিঙ্গো বলেছিলেন, শ্রীলঙ্কায় ‘এ’ দলের খেলা দেখতে যাবেন। লঙ্কা সফরে ‘এ’ দলের ম্যাচগুলো দেখে দক্ষিণ আফ্রিকা ফিরে যাবেন বাংলাদেশের হেড কোচ। ঢাকায় ফিরবেন ২০ অক্টোবর। ঐ সময় শুরু হওয়ার কথা বাংলাদেশ দলের ভারত সফরের প্রস্তুতি।
গতকাল দুপুরেই কলম্বো উড়ে গেছেন ডমিঙ্গো। এই সফরে তার সঙ্গী বাংলাদেশের বোলিং কোচ চার্ল ল্যাঙ্গেভেল্ট। আজ কলম্বো যাবেন জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু ও ক্রিকেটার নাজমুল হোসেন শান্ত। ১৩ অক্টোবর দেশে ফেরার কথা রয়েছে তাদের।
গতকাল প্রধান নির্বাচক বলেছেন, টেস্ট দলের কয়েকজন খেলোয়াড়ের খেলা দেখতেই শ্রীলঙ্কা যাচ্ছেন তারা। মিনহাজুল আবেদীন নান্নু বলেছেন, ‘শ্রীলঙ্কায় আমাদের টেস্ট দলের বেশকিছু প্লেয়ার আছে। সামনে আমাদের ভারত সফরে টেস্ট রয়েছে। তাদের পারফরম্যান্স দেখতেই আমরা যাচ্ছি।’
জাতীয় দলের বাইরের ক্রিকেটারদের পরখ করার ইচ্ছাতেই ‘এ’ দলের সঙ্গে সময় কাটাতে শ্রীলঙ্কা গিয়েছেন ডমিঙ্গো। পুরো সিরিজেই দলের সঙ্গে থাকবেন তিনি। জাতীয় দলের আশপাশে থাকা ক্রিকেটারদের সম্পর্কেও ধারণা নিতে চান হেড কোচ।
শ্রীলঙ্কা যাওয়ার আগে বিডিনিউজকে ডমিঙ্গো বলেছেন, ‘এখানে আসার পরই আমি বলেছিলাম, যত বেশি সম্ভব ক্রিকেটারকে আমি দেখতে চাই কাছ থেকে। শ্রীলঙ্কায় এই সফরে যাওয়ার ব্যাপারে বেশ আগেই তাই সিদ্ধান্ত নিয়েছিলাম। আমাদের ক্রিকেটীয় সম্পদের গভীরতা আরও ভালোভাবে বুঝতে চাই আমি। ওখানে ম্যাচ আছে, অনুশীলনে কাছ থেকে দেখতে পারব। সব মিলিয়ে সবার সম্পর্কে একটি ভালো ধারণা পাব আশা করি।’
টেস্ট দলের নিয়মিত মুখ আছেন মুমিনুল হক, সাদমান ইসলাম, মেহেদী হাসান মিরাজ ছাড়াও সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, এনামুল হক বিজয়, আবু জায়েদ রাহী, নাজমুল হোসেন শান্তরা রয়েছেন ‘এ’ দলে।
তবে ডমিঙ্গো খেলা দেখতে চান সবারই। নভেম্বরের ভারত সফর ও ভবিষ্যত্ ভাবনায় বাংলাদেশের ক্রিকেট নিয়ে পূর্ণাঙ্গ ধারণা পেতে চান এই প্রোটিয়া কোচ। তিনি বলেছেন, ‘টেস্ট দলের যারা আছে, ওদের ভারত সফরের জন্য ভালো প্রস্তুতি হবে আশা করি। এছাড়াও নতুন-পুরোনো অনেক ক্রিকেটার আছে। কোনো একজন-দুজন নয়, আমি খোলা মনে সবার খেলাই দেখতে যাচ্ছি। শুধু ভারত সফরের জন্য নয়, ভবিষ্যতের দিকে তাকিয়ে সবার সম্পর্কে ধারণা নিতে চাই।’
এদিকে বৃষ্টির কারণে বাংলাদেশ-শ্রীলঙ্কা ‘এ’ দলের প্রথম চার দিনের ম্যাচটি পরিত্যক্ত হয়েছে। অবশ্য সময়সূচি পরিবর্তন করে ম্যাচটি আবারও আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে স্বাগতিক শ্রীলঙ্কা। আগামী ২৮ সেপ্টেম্বর থেকে শুরু হবে প্রথম চার দিনের ম্যাচ। দ্বিতীয় চার দিনের ম্যাচটি মাঠে গড়াবে ৪ অক্টোবর থেকে। এই ম্যাচ শেষ হওয়ার বাংলাদেশ-শ্রীলঙ্কা ‘এ’ দল মুখোমুখি হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে।
ইত্তেফাক/এএম