সড়ক ও ফুটপাতের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে: ডিএনসিসি মেয়র

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, 'ফুটপাত ও সড়কের উপর নির্মিত সব ধরনের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে।' বৃহস্পতিবার রাজধানীর কারওয়ান বাজার এলাকায় ডিএনসিসির উচ্ছেদ অভিযান শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে ডিএনসিসির মেয়র এসব কথা বলেন। 

মেয়র বলেন, 'ফুটপাত ও সড়ক দখল করে জনগণকে দুর্ভোগে রেখে কোন ধরনের বাণিজ্য করতে দেওয়া হবে না। কারওয়ান বাজারের নিরাপত্তা নিশ্চিত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতায় একটি পুলিশ ফাঁড়ি স্থাপন করা হবে।' উদ্ধারকৃত ফুটপাত ও সড়ক আবারো যাতে দখল হয়ে না যায় সে জন্য মেয়র গণমাধ্যম এবং জনগণের সহযোগিতা কামনা করেছেন তিনি।

তিনি আরও বলেন, 'পুনরুদ্ধারকৃত ফুটপাত ও সড়ক দখল হওয়া থেকে রক্ষা করতে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর ও পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তার সমন্বয়ে একটি মনিটরিং কমিটি গঠন করা হয়েছে। প্রয়াত মেয়র আনিসুল হক তেজগাঁও সড়কটি ট্রাক-কাভার্ডভ্যানের দখল থেকে মুক্ত করেছিলেন। কারওয়ান বাজারের এ রাস্তাগুলো যদি আমরা অবৈধ দখল থেকে মুক্ত করতে পারি, তাহলে খুব সহজেই এ অঞ্চলের যোগাযোগ নিশ্চিত করা যাবে। কারওয়ান বাজারের এই রাস্তাগুলো অনেক প্রশস্ত, অবৈধ দখলমুক্ত করা গেলে ফার্মগেট থেকে রেল ক্রসিংয়ের পাশ দিয়ে কাওরান বাজারের এ সব রাস্তায় যানজট অনেকটা কমে যাবে।'

আরও পড়ুন:  বিদেশিদের পালাতে সাহায্যের অভিযোগে ২ পুলিশ সদস্য বরখাস্ত

ফুটপাত ও সড়কে কোনো ধরনের অবৈধ স্থাপনা থাকবে না এ কথা উল্লেখ করে তিনি বলেন, 'জনগণের ট্যাক্সের টাকা খরচ করে এ সব রাস্তা ও ফুটপাত নির্মাণ করা হয়েছে। জনগণ কোনো অবস্থাতেই চায় না রাস্তা ও ফুটপাতগুলো অবৈধ দখলদারদের হাতে চলে যাক।' ফুটপাত ও রাস্তা দখল করার কারণে জনগণ অনেক কষ্ট করেন, দুর্ভোগ পোহান বলেও জানান তিনি।

কারওয়ান বাজারের ফুটপাত ও সড়কের অবৈধ স্থাপনা উচ্ছেদে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আমিনুল ইসলাম এবং সাজিদ আনোয়ারের নেতৃত্বে ডিএনসিসি এ অভিযান চালায়। অভিযানকালে প্রায় তিন শতাধিক অস্থায়ী দোকান, শেড, ফুটপাতের উপর নির্মিত স্থাপনা উচ্ছেদ করা হয়।

ইত্তেফাক/জেডএইচডি