নীলফামারীর কিশোরগঞ্জে স্ত্রীর নারী নির্যাতন ও যৌতুকের মামলায় স্কুল শিক্ষক মশিউর রহমান বুলবুলকে গ্রেফতার করেছে পুলিশ।
অভিযোগকারী শিউলি আক্তার নিতাই ইউনিয়নের মুশরুত পানিয়ালপুকুর গ্রামের আজাদ আলীর মেয়ে ও শিশু নিকেতন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা। তার স্বামী বুলবুল কিশোরগঞ্জ সদর ইউনিয়নের কেশবা তেলীপাড়া গ্রামের আব্বাস উদ্দিনের ছেলে এবং মুশা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
অভিযোগে উল্লেখ, তিন বছর আগে বিয়ে হলেও বুলবুল প্রায়ই যৌতুক হিসেবে ১০ লাখ টাকা দাবি করে আসছিলেন। গত মঙ্গলবার এ নিয়ে কলহ হয়। এক পর্যায়ে বুলবুল তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। পরে শিউলিকে কিশোরগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়।
আরও পড়ুন: বেরোবিতে প্রথম বর্ষ ভর্তির রেজিস্ট্রেশন শুরু ৩ অক্টোবর
এ ঘটনায় তিনি বাদি হয়ে স্বামী বুলবুলকে আসামি করে কিশোরগগঞ্জ থানায় নারী নির্যাতন ও যৌতুকের দাবি মামলা দায়ের করেন।
তবে মশিউর রহমান বুলবুল যৌতুকের দাবি অস্বীকার করে জানান, ব্যক্তিগত বিষয় নিয়ে তার সঙ্গে প্রায়ই কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে মঙ্গলবার স্ত্রীকে দুটো চড় দিয়েছি। এর বেশি কিছু নয়। আমার বিরুদ্ধে মামলাটি উদ্দেশ্যে প্রণোদিত।
কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ হারুন অর রশিদ জানিয়েছেন, বুলবুলকে আদালতের মাধ্যমে নীলফামারী জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
ইত্তেফাক/অনি