বুধবার দিবাগত গভীর রাতে ফরিদপুরের মধুখালী উপজেলার মেগচামী মৃধা বাজারের পাটের গোডাউনসহ মোট ৯টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। বিদ্যুতের শর্ট শার্কিটের থেকে এ আগুন লেগেছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনার পর ক্ষতিগ্রস্তদের মাঝে জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ অর্থ ও ঢেউটিন অনুদান হিসেবে প্রদান করা হয়েছে।
ক্ষতিগ্রস্ত মালিক শফিউল আলম মোল্যা জানান, বুধবার দিবাগত রাত আনুমানিক ২ টার দিকে টইলরত পুলিশ বাজার এলাকায় এসে বাচ্চুর পাটের গুদাম ঘরে আগুন দেখতে পায়। তারপর মধুখালী ফায়ার সার্ভিস ও বালিয়াকান্দি ফায়ার সার্ভিস অফিসে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময়ের মধ্যে ৯ টি দোকান আগুনে পুড়ে ক্ষতি সাধিত হয়।
আগুনে ক্ষতিগ্রস্তদের মধ্যে শফিউল আলমের ২টি ওয়ার্কশপ ও কাঠ সাইজ করার মেশিন পুড়ে প্রায় ৪০ লাখ টাকা, সুশান্ত কুমারের ফার্নিচারের দোকানে প্রায় ২ লাখ টাকা, ইছাকের ফার্নিচারের দোকানে ২ লাখ টাকা, আকাশ ও রাসেলের গার্মেন্টসের দোকানে প্রায় ১০ লাখ টাকা, সৌরভ মোল্যার স্যানিটারী দোকানে প্রায় ১০ লাখ টাকা, বাচ্চুর পাট গুদামে প্রায় ১ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
মধুখালী ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ মো. টিটব সিকদার জানান, বুধবার রাত পৌনে দুইটায় পুলিশের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রনে আনা সম্ভব হয়। কিন্তু ততক্ষণে ৮ থেকে ৯টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। বিদ্যুতের শর্ট সার্কিটের থেকে অগ্নিকাণ্ড সংগঠিত হয়েছে। এতে ওই ব্যবসায়ীদের প্রায় আড়াই কোটি টাকার ক্ষতি সাধিত হয়েছে বলে তিনি ধারণা করেন। এ ছাড়া তিনি বলেন, বালিয়াকান্দি সড়কটির দুরাবস্থার কারণে বালিয়াকান্দির ফায়ার সার্ভিসের গাড়িটি রাস্তায় ফেসে যায়। আরও আসতে পারলে ক্ষতির পরিমাণ কমতে পারতো।
মেগচামী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসান আলী খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আগুনে পোড়ার ঘটনায় প্রায় ৯০ লাখ টাকার মালামাল ও দোকানঘরসহ প্রায় ৩ কোটি টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে।
ঘটনার পর বৃহস্পতিবার সকালে উপজেলা চেয়ারম্যান মির্জা মনিরুজ্জামান বাচ্চু, উপজেলা নির্বাহী অফিসার মো. মোস্তফা মনোয়ার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পরে সন্ধ্যায় বাজারে আগুনে ক্ষতিগ্রস্ত ৮ ব্যক্তির মাঝে নগদ অর্থ, চেক ও ঢেউটিন অনুদান প্রদান করা হয়েছে।
আরও পড়ুন: ইন্দোনেশিয়ায় ভয়াবহ ভূমিকম্প, নিহত ৬
জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ সব অনুদান তুলে দেন মধুখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান মির্জা মনিরুজ্জামান বাচ্চু, উপজেলা নির্বাহী অফিসার মো. মোস্তফা মনোয়ার, মধুখালী থানা অফিসার্স ইনচার্জ (ওসি) মিজানুর রহমান, মেগচামী ইউপি চেয়ারম্যান মো. হাসান আলী খান।
ইত্তেফাক/নূহু