সাভারে এক যুবকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের বিপরীতে ডেইরি গেটের পাশ থেকে বুকে এবং মাথায় আঘাতপ্রাপ্ত অবস্থায় ওই যুবকের মরদেহটি উদ্ধার করা হয়। নিহতের নাম রবিউল ইসলাম রবিন (২৫)। সে আশুলিয়া থানাধীন মোল্লাপাড়া এলাকার মৃত আব্দুর রহমান মিয়ার ছেলে। রবিন হানিফ পরিবহনের কাউন্টার মাস্টার হিসেবে বাইপাইলে কর্মরত ছিলো বলে জানা গেছে।
পুলিশ জানায়, সকালে পথচারীরা রাস্তার পাশে একটি মরদেহ পড়ে থাকতে দেখে বিষয়টি থানায় ফোন করে জানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) এমদাদুল হক জানান, নিহতের মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের বুকে, মাথায়, চোখে ও কপালেসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। প্রাথমিকভাবে এটিকে হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। তবে ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পরই মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।
আরও পড়ুন: সিরাজদিখানে অটোচালককে হত্যা
এ ঘটনায় নিহত রবিউলের মা শিরিন আক্তার বাদী হয়ে আশুলিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
ইত্তেফাক/নূহু