রাজশাহীতে প্রতিবন্ধী ধর্ষিত

রাজশাহীর পবা উপজেলায় এক প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে পাঁচ যুবককে আটক করে পুলিশে দিয়েছে এলাবাসী। গত বুধবার দিবাগত রাতে উপজেলার হরিপুর ইউপির একটি গ্রামের এ ঘটনায় আটকদের বিরুদ্ধে পবার দামকুড়া থানায় মামলা হয়েছে।

আসামিরা হলো, আসাদুল (২৫), দুখু (৩৫), বাইরুল (৩৩), সজিব (২৪) এবং সাকিম (২৬)। সকলের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার দুর্গাপুর গ্রামে। এরা পবা সীমান্ত এলাকায় ভারতীয় গরু আনার রাখাল হিসেবে কাজ করে।

হরিপুর ইউপির ৫ নং ওয়ার্ডের মেম্বার সাইদুর রহমান বাদল জানান, আটকরা বেড়পাড়া গ্রামের আবদুল বারীর বাড়িতে রাত্রিযাপন করছিলো। গভীর রাতে স্থানীয় এক প্রতিবন্ধী মেয়েকে আসাদুল ধর্ষণ করে এবং অন্যরা সহযোগিতা করে। রাতে মেয়েটি যন্ত্রণায় কাতরাতে থাকলে বিষয়টি জানাজানি হয়। পরে পাঁচজনকেই আটক করে বৃহস্পতিবার ভোরে পুলিশে সোপর্দ করা হয়।

আরও পড়ুন: চীনের মুসলমানদের এড়িয়ে যাওয়ায় তিরষ্কৃত ইমরান

দামকুড়া থানার ওসি মাজহারুল ইসলাম জানান, এ ঘটনায় নির্যাতিত তরুণীর খালাতো ভাই পাঁচজনের বিরুদ্ধে মামলা করেছেন। এতে আসাদুলকে মূল অভিযুক্ত এবং অন্য চারজনকে তার সহযোগী উল্লেখ করা হয়েছে। সকলকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এছাড়া রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ধর্ষিত তরুণীর শারীরিক পরীক্ষা সম্পন্ন করা হয়েছে।

ইত্তেফাক/নূহু