সিঁধ কেটে ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা

মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলায় সিঁধ কেটে ঘরে ঢুকে এক প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার উপজেলার জামির্ত্তা ইউনিয়নের চন্দরনগর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নারীর নাম ফিরোজা বেগম (৪৫)। তিনি ওই গ্রামের বাহারাইন প্রবাসী পিয়ার আলীর স্ত্রী। ফিরোজা বেগম দুই ছেলে ও এক মেয়ের জননী।

শুক্রবার দুপুরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালে পাঠিয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ছেলে-মেয়েদের বিয়ে দেওয়ার পর ফিরোজা বেগম বাড়িতে একাই থাকতেন। প্রতিদিনের মতো শুক্রবার রাতে নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন তিনি। কিন্তু সকালে ঘুম থেকে জেগে না ওঠায় প্রতিবেশীরা ঘরের সামনে যান। তারপর ঘরের ভিতরে উঁকি দিয়ে বিছানায় তার মরদেহ পড়ে থাকতে দেখেন।

খবর পেয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। নিহতের মাথা, গলাসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।

আরও পড়ুন: নাচোলে সড়ক দুর্ঘটনায় ভ্যান চালকের মৃত্যু

সিঙ্গাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার ইমাম হোসেন ঘটনাস্থল পরিদর্শন করে আরটিভি অনলাইনকে জানান, সিঁধ কেটে ঘরে ঢুকে ওই গৃহবধূকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। তবে কারা এবং কেন এই হত্যাকাণ্ড ঘটিয়েছে সে রহস্য উদঘাটনের চেষ্টা চলছে।

ইত্তেফাক/নূহু