বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, সাময়িক ও কদিনের সাফ শুদ্ধের অভিযান চালিয়ে দুর্নীতি বন্ধ করা যায় না। শুক্রবার দুপুরে সাভারে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির উপজেলা সম্মেলন অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় তিনি বলেন, সাময়িক চমক সৃষ্টি না করে, লাগাতার সুশাসনের নিয়ম ভিত্তিক অভিযান চালাতে হবে। সম্প্রতি পত্রিকায় ক্যাসিনো ক্লাবের কোটি কোটি টাকার কাহিনী শোনা যাচ্ছে। মনে হলো যেন হঠাৎ করে ঝড় উঠে গেছে। সব সাফ শুদ্ধ করছেন। কিন্তু সাময়িক ও কদিনের সাফ শুদ্ধের অভিযান চালিয়ে দুর্নীতি বন্ধ করা যায় না। দুর্নীতি বন্ধ করতে হলে লাগাতার ভাবে লড়াই করতে হবে, লাগাতার ভাবে এই দুর্নীতি মূলক ব্যবস্থাকে পাল্টে ফেলতে হবে।
এছাড়া ক্যাসিনো প্রসঙ্গে তিনি বলেন, জিয়ার আমল থেকেই ক্লাবে জুয়া-হাউজি চালু আছে। ক্যাসিনো এসেছে হয়তো ২০১৭-১৮ সালে। তাই পরস্পর দোষারোপ করে লাভ নেই, ব্যবস্থাটা বদলাতে হবে।
আরও পড়ুন: মহিলা যুবলীগ নেত্রীর সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি, থানায় সোপর্দ
পত্র-পত্রিকার উদ্ধৃতি দিয়ে তিনি আরও বলেন, ‘আজকের পত্রিকাতে হিসেব করে দেখানো হয়েছে ৮৯ শতাংশ মানুষ দুর্নীতির বিরুদ্ধে কথা বলতে ভয় পায়। আমাদের আজকে সাহসী হতে হবে। বলতে হবে, দুর্নীতিবাজদের আমরা আর গ্রহণ করব না।
সাভার উপজেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি রফিকুল ইসলাম সুজনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির ঢাকা মহানগরের সভাপতি আবুল হোসাইন, সাধারণ সম্পাদক কিশোর রায়সহ শিল্পাঞ্চলের নেতাকর্মীরা।
ইত্তেফাক/অনি