নৈশ প্রহরীদের হাত-পা বেঁধে অচেতন করে দোকানের মালামাল লুট

টাঙ্গাইলের মির্জাপুরে চারজন নৈশ প্রহরীকে হাত-পা ও মুখ বেঁধে অচেতন করে দোকানের তালা ভেঙ্গে প্রায় ১২ লাখ টাকার মালামাল লুট হওয়ার অভিযোগ পাওয়া গেছে। দোকান মালিক মো. শাহাদত হোসেনের অভিযোগ, সংঘবদ্ধ ডাকাত দল এই ঘটনা ঘটিয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাতে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার নগরভাদগ্রাম বাজারের শাকিলা ফ্যাশন হাউজে এ ডাকাতির ঘটনা ঘটেছে। 

শুক্রবার ওই দোকানের মালিক জানান, বৃহস্পতিবার দোকানে তালা দিয়ে বাড়ি চলে যাই। রাত প্রায় আড়াইটার দিকে সংঘবদ্ধ ডাকাত দলের সদস্যরা বাজারের নৈশ প্রহরী সুলতান মিয়া, শাজাহান মিয়া, আব্দুল জলিল ও হাতেম আলীকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা ও মুখ বেঁধে নেশা জাতীয় দ্রব্য নাকে মুখে দিয়ে অচেতন করে ফেলে রাখে। পরে দোকানের তালা ভেঙ্গে ভেতরে ঢুকে শাড়ি, বিদেশী জামাকাপড়, লুঙ্গি, শার্ট-প্যান্টসহ প্রায় ১২ লাখ টাকার মালামাল লুট করে নেয়। 

আরও পড়ুন: সাময়িক চমক সৃষ্টি করা শুদ্ধি অভিযানে দুর্নীতি বন্ধ করা যায়না: মেনন

ভোর রাতে স্থানীয় লোকজন নৈশ প্রহরীদের রাস্তার পাশে পরে থাকতে দেখে মির্জাপুর থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে জামুর্কি সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পুলিশ লুণ্ঠিত মালামাল উদ্ধার উদ্ধার এবং ঘটনার সঙ্গে জড়িত কাউকে আটকও করতে পারেনি।

এ ব্যাপারে মির্জাপুর থানার অফিসার ইনচার্জ মো. সায়েদুর রহমান জানান, অভিযোগ পাওয়া গেছে। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে ডাকাতদের ব্যবহৃত ধারালো অস্ত্র উদ্ধার করেছে।ব্যবস্থা নেওয়া হবে। 

ইত্তেফাক/অনি