রাজধানীর গুলশানের শাহজাদপুর এলাকায় বাসের ধাক্কায় কবির হোসেন (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন। গতকাল শুক্রবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। তিনি বেসরকারি একটি প্রতিষ্ঠানে সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন। দুর্ঘটনায় তার বন্ধু ও একই প্রতিষ্ঠানের কর্মী শাহ পরান আহত হয়েছেন।
আহত শাহ পরান হাসপাতালে জানান, কবির হোসেন মিরপুর-১ নম্বর সেকশনে পরিবারের সঙ্গে থাকতেন। গতকাল সন্ধ্যায় তারা দুইজন মোটরসাইকেল নিয়ে কুড়িল বিশ্বরোড এলাকায় যাওয়ার পথে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে অনাবিল পরিবহনের একটি বাস তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। তখন তারা দুই জনই রাস্তায় ছিটকে পড়ে মারাত্মক আহত হন। আশেপাশের লোকজন তাদের উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেয়। পরে সেখান থেকে তাদের পাঠানো হয় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে। রাত সাড়ে ৮টার দিকে চিকিত্সকরা কবির হোসেনকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: সব ক্যাসিনো গুঁড়িয়ে দেওয়া হয়েছে: র্যাব ডিজি
জানা গেছে, নিহত কবির হোসেনের গ্রামের বাড়ি চাঁদপুরের মতলব উপজেলার উত্তর বড় হাওলাদিয়া এলাকায়। তার বাবার নাম মকবুল হোসেন। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে রাখা হয়েছে। আর শাহ পরান বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ইত্তেফাক/কেকে