শচীন্দ্র নাথ গাইন
গাঁওগেরামের ছেলে ফজর বেশ ক বছর ঢাকাতে,
আগে ছিল ফকির পানা, এখন ধনী টাকাতে।
তার হাতে আজ টাকার খনি এবং টাকার মেশিনও,
হয় বড়োলোক হঠাত্ করে, কারণ খেলে ক্যাসিনো।
গা ভুর ভুর সুগন্ধ তার রং করা বেশ চুলেও,
রাশভারী ভাব দেখিয়ে নিজের চলতে থাকে দুলেও।
ফ্লাটবাড়িতে বাস করে আর চড়ে নিজের পাজেরো,
ওপরতলায় চলাফেরা, কাজি সকল কাজেরও।
এই খেলাতে হার মেনে যায় অনেক চালাক চতুরও,
ধনসম্পদ শেষ করে কেউ হয় একেবার ফতুরও।
নেশায় পড়ে পাগল হয়ে জড়ায় যারা জুয়াতে,
পকেট কারো ভর্তিও হয় কেউবা ছড়ায় দু হাতে।
দলদারিতে ফায়দা লুটে উঁচু এখন ফজরে,
বেহালদশায় ডুবলো হঠাত্ যেই পড়ে যায় নজরে।
কেউ ছোটে না পিছনে তার কেউ আসে না বাঁচাতে,
কপাল ফেরে ঠাঁই হল তার পাঁচিল ঘেরা খাঁচাতে।
চাঁচড়া, যশোর