মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার গোলড়া গ্রামে শুক্রবার দিনব্যাপী হেল্থ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গ্রামের ঈদগাঁহ মাঠে আয়োজিত হেল্থ ক্যাম্পে ১৩ জন বিশেষজ্ঞ চিকিৎসক রোগীদের সেবা প্রদান করেন।
আরডিসির আর্থিক সহযোগিতায় ও গোলড়া সোশ্যাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের (জিএসডিএ) উদ্দ্যোগে হেল্থ ক্যাম্পে সহস্রাধিক রোগীর চিকিৎসা সেবা, রক্ত পরীক্ষা এবং ওষুধ দেওয়া হয়। চিকিৎসকরা ডায়াবেটিস, গাইনি, পরিপাকতন্ত্র, নাক-কান-গলা, চক্ষু, চর্ম, যৌন ও এলার্জি রোগীদের সেবা প্রদান করেন।
প্রোগ্রামের কনভেনর মো. ফরিদ হাসান বলেন, দরিদ্র মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রতিটি সচেতন নাগরিককে নিজ নিজ গ্রামে এ রকম সেবামূলক কাজে এগিয়ে আসতে হবে।
গোলড়া সোশ্যাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা শান্ত বিশ্বাস বলেন, গ্রামের উন্নয়ন ও মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে আমরা এক ঝাক তরুণ গত তিন বছর ধরে নিরলসভাবে কাজ চালিয়ে যাচ্ছি। গ্রামের সবাই মিলেমিশে কাজ করলে আগামী ৫ বছরে গোলড়া গ্রামকে মডেল গ্রাম হিসেবে গড়ে তোলা সম্ভব।
এ সময় আরডিসির ডিরেক্টর, সিইও, স্থানীয় চেয়ারম্যান, সাবেক চেয়ারম্যান, ইউপি মেম্বার, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জিএসডিএর সকল সদস্য, মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকা ও ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন।
ইত্তেফাক/ইউবি