নন্দীগ্রামে পৃথক অভিযানে ৬ মাদক বিক্রেতা গ্রেফতার

বগুড়ার নন্দীগ্রামে পৃথক অভিযান চালিয়ে ইয়াবাসহ ৬ মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার দুপুরে নন্দীগ্রাম থানা থেকে আদালতের মাধ্যমে তাদের বগুড়া কোর্ট হাজতে পাঠানো হয়েছে।

গ্রেফতাররা হলেন, নন্দীগ্রাম পৌর এলাকার দামগাড়া মধ্যপাড়া গ্রামের মজিবর রহমানের ছেলে আবুল কালাম আজাদ (৩৫), মালীপাড়ার হাসেন আলীর ছেলে সাইফুল ইসলাস (৩৮), উপজেলার বুড়ইল ইউনিয়নের বীরপলী গ্রামের ফরিদ উদ্দিনের ছেলে মজনু মিয়া (৩৫), সদর ইউনিয়নের ভবানিপুর গ্রামের আকবর আলীর ছেলে নুরুল ইসলাম (৫০), ভাটরা ইউনিয়নের ভরতেতুলীয়া গ্রামের শাজাহান আলীর ছেলে সোহাগ হোসেন (২৪) ও বেলঘড়ীয়া গ্রামের আব্দুল মজিদের ছেলে সেলিম আহম্মেদ (২৪)।

আরও পড়ুন: মুক্তাগাছায় বস্তার ভিতরে মিলল মানুষের কঙ্কাল

পুলিশ জানায়, শনিবার রাতে নন্দীগ্রাম থানার উপ-পরির্দশক (এসআই) জিন্নুর রহমান পৌর এলাকার দামগাড়া যাত্রী ছাউনি এলাকায় অভিযান চালিয়ে ১৫ পিস ইয়াবাসহ তিন জনকে গ্রেফতার করে। অপরদিকে উপ-পরির্দশক (এসআই) ফারুক হোসেন পিপিএম উপজেলার মির্জাপুর সুখ-দুখ পুকুর এলাকায় অভিযান চালিয়ে ২০ পিস ইয়াবাসহ তিন জনকে গ্রেফতার করে।  

নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) শওকত কবির বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের হয়েছে। রবিবার দুপুরে তাদের বগুড়া কোর্ট হাজতে পাঠানো হয়েছে।

ইত্তেফাক/এমআরএম