৩ কি.মি. ভাঙলেও রক্ষায় উদ্যোগ ৬৫ মিটার

কুড়িগ্রামের উলিপুরে ব্রহ্মপুত্র নদের ৩ কিলোমিটার জুড়ে ভাঙন অব্যাহত থাকলেও মাত্র ৬৫ মিটার রক্ষার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রায় ৩০ লাখ টাকা ব্যয়ে ৬ হাজার বালু ভর্তি জিও টেক্সটাইল ব্যাগ ফেলছে পাউবো। স্থানীয়দের অভিযোগ, এ শুধু সরকারের অর্থ অপচয়, ভাঙন রক্ষায় কোনো কাজে আসবে না। গত ২০ সেপ্টেম্বর পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ ফারুক ভাঙন কবলিত এলাকা পরিদর্শনের পর এ উদ্যোগ নেওয়া হয়।
 
জানা গেছে, উপজেলার হাতিয়া ইউনিয়নের পালের ভিটা, নয়াডারা, কামারটারী, দাগারকুটি, হাতিয়া গ্রামে ব্রহ্মপুত্র নদের ভাঙনে গত ৩ মাসের ব্যবধানে ৫ শতাধিক বাড়ি-ঘর ও কয়েকশ একর অবাদি জমি নদী গর্ভে চলে যায়। 

পালে ভিটা গ্রামের ছপিয়াল হক বলেন, ‘তোমরায় কন, কোতদুর ভাংবের নাগছে, আর ওমরা অলপে এখনাত বস্তা ফেলায়। খালি বস্তাগুলা নদীত ভাসি যাইবে বাহে। কামের কাম কিছুই হবার নয়’। ওই গ্রামের ভবেশ পাল, প্রফুল্ল পাল, মোজাহার আলী, ইদ্রিস আলীসহ অনেকেই ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, এ কাজ ভাঙন রোধে কোনো কাজে আসবে না। আমাদের সঙ্গে তামাশা করা হচ্ছে।

আরও পড়ুন: বিরল রোগে আক্রান্ত আরও এক শিশু শনাক্ত

হাতিয়া ইউপি চেয়ারম্যান আবুল হোসেন বলেন, পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ভাঙন রোধের নির্দেশ দিলেও তা কার্যকর করছে না পাউবো।

উলিপুর পাউবোর উপ-বিভাগীয় প্রকৌশলী রফিকুল ইসলাম বলেন, পরে প্রকল্প পাওয়া গেলে বাকি এলাকায় ভাঙন রোধে ব্যবস্থা নেওয়া হবে। 

ইত্তেফাক/অনি