জকসু নির্বাচনে নিয়মিত শিক্ষার্থীরাই অংশ নিতে পারবে

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনে শুধু বিশ্ববিদ্যালয়ের নিয়মিত শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে। এতে সান্ধ্যকালীন প্রোগ্রামের কোন শিক্ষার্থী ভোট বা প্রার্থিতা করতে পারবে না বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান।

তিনি আরো বলেন, আমরা খসড়া সংবিধানে অনুমোদনের জন্য বিশ্ববিদ্যালয়ের পরবর্তী সিন্ডিকেট সভায় উপস্থাপন করব। সিন্ডিকেট যদি এটি অনুমোদন করে তবে তা সবার জন্য উন্মুক্ত হবে এবং সিন্ডিকেট  সভায় এটিকে সংশোধন করা যেতে পারে।

এর আগে গত ১ জুলাই জকসুর গঠনতন্ত্র প্রণয়নের জন্য আইন বিভাগের অধ্যাপক ড. সরকার আলী আক্কাসকে আহ্বায়ক করে চার সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। কমিটিকে ৪৫ কার্যদিবসের মধ্যে বিশ্ববিদ্যালয়ের আইন সংশোধনের জন্য সুপারিশ প্রদান ও ‘জকসু’ গঠনতন্ত্র প্রণয়ন করার নির্দেশনা দেওয়া হয়। জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইনে জকসু বিষয়ে কোনো ধারা বা উপধারা না থাকায় জকসু গঠনতন্ত্র প্রণয়নে আইন সংশোধনের জন্য এ কমিটি গঠন করা হয়।

আরো পড়ুন: ‘সৌদি বাদশাহর দেহরক্ষীকে রাজপ্রাসাদেই হত্যা করা হয়েছে’

সার্বিক বিষয়ে জানতে চাইলে গঠনতন্ত্র প্রণয়ন কমিটির আহ্বায়ক সরকার আলী আক্কাস জানান, আমাদের কাজ ছিল জকসুর গঠনতন্ত্র খসড়া প্রণয়ন করা। আমরা সেটা জমা দিয়েছি। আমরা  প্রস্তাব করেছি নিয়মিত শিক্ষার্থী এবং ২৬ বছর বয়স বা তার চেয়ে কম বয়সের শিক্ষার্থীরা যেন নির্বাচনে প্রার্থিতা ও ভোটার হওয়ার যোগ্যতা লাভ করেন। প্রশাসন এটা সংশোধন বা পরিমার্জন করতে পারে। পরবর্তী সিন্ডিকেট সভা সম্ভবত নভেম্বর মাসে হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ১৯৫৪ সালে প্রথম জগন্নাথ কলেজ ছাত্রসংসদ (জকসু) এর নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে ভিপি এআর ইউসুফ আর জিএস সালাউদ্দিন আহমেদ নির্বাচিত হন। পরবর্তীতে ১৯৬৯ সাল পর্যন্ত জগন্নাথ কলেজ ছাত্রসংসদের ১০টি কমিটি হয়। স্বাধীনতার পরে ১৯৭২, ১৯৭৯, ১৯৮৬, ১৯৮৭ সালে আরো চারটি ছাত্রসংসদের নির্বাচন অনুষ্ঠিত হয়। সর্বশেষ ১৯৮৭ সালের নির্বাচনে আলমগীর সিকদার লোটন ও জাহাঙ্গীর সিকদার জোটন নামে দুই ভাই ভিপি ও জিএস নির্বাচিত হন।

এরপরে ২০০৫ সালে জগন্নাথ কলেজ বিশ্ববিদ্যালয় রূপান্তরিত হওয়ার আগ পর্যন্ত ১৮ বছর ধরে কোনো ছাত্রসংসদ নির্বাচন হয়নি। আর জগন্নাথ কলেজ থেকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হওয়ার সময়ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন-২০০৫ এ ছাত্রসংসদের অধ্যাদেশযুক্ত হয়নি। ফলে বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠার পরে প্রশাসন বিশ্ববিদ্যালয় আইনে ছাত্রসংসদ অধ্যাদেশ যুক্ত ও নির্বাচন আয়োজনের উদ্যোগ গ্রহণ করেনি।

ইত্তেফাক/জেডএইচ