গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) ভিসি অধ্যাপক ড. খোন্দকার নাসিরউদ্দিনের পতনের দাবিতে আন্দোলন অব্যাহত রেখেছে শিক্ষার্থীরা। আন্দোলনের অংশ হিসেবে আজ সোমবার ব্যতিক্রমী পদক্ষেপ নেয় তারা।
ভিসির দুর্নীতির প্রতিবাদে দুপুরে আন্দোলনরত শিক্ষার্থীরা ক্যাম্পাস পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালায়। একই দাবিতে বিকেলে বৃক্ষরোপণ করে তারা।
এদিকে বেলা সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের সামনে আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে মূল বক্তব্য উপস্থাপন করেন গণিত বিভাগের শিক্ষার্থী মো. আল গালিব।
প্রথমে তিনি শিক্ষা মন্ত্রনালয়ে ভিসিকে অপসারণের সুপারিশ করায় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এছাড়া বিশ্ববিদ্যালয়ের আচার্য মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে ভিসি নাসিরের দ্রুত অপসারণের ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়।
আরও পড়ুন : নুসরাত হত্যা মামলার রায় ২৪ অক্টোবর
এদিকে নানা গুঞ্জন কাটিয়ে অবশেষে রবিবার রাত ৯টায় বাসভবন ছেড়ে ক্যাম্পাসের বাইরে যেতে বাধ্য হন ভিসি নাসিরউদ্দিন। নিতে হয়েছে পুলিশের প্রটোকল। ক্যাম্পাস ছাড়ার সময়ে শিক্ষার্থীরা ভিসির প্রতি ধিক্কার জানায়।
তবে ভিসির ক্যাম্পাস ত্যাগের বিষয়ে সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক মো. হুমায়ুন কবির বলেন, তার অসুস্থতার কথা আমাদের জানানো হয়েছে। ডাক্তার দেখানোর জন্য সম্ভবত তিনি ক্যাম্পাস ছেড়েছেন। কোন ধরনের অপ্রীতিকর পরিস্তিতি এড়াতে পুলিশ প্রটোকল নেওয়া হয়েছিল।
বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী নুসরাত জাহান বলেন, আমরা আশা করব ভিসি নাসিরের পদত্যাগের মাধ্যমে ক্যাম্পাসে খুব দ্রুত শিক্ষার পরিবেশ ফিরে আসবে। আর তার পদত্যাগ না হওয়া পর্যন্ত আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব।
প্রসঙ্গত, গত ১১ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী এবং দ্যা ডেইলি সানের ক্যাম্পাস প্রতিনিধি ফাতেমা-তুজ-জিনিয়াকে অন্যায়ভাবে সাময়িক বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরে বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের আন্দোলনের মুখে বাধ্য হয়ে ১৮ সেপ্টেম্বর জিনিয়ার বহিষ্কারাদেশ প্রত্যাহার করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ওইদিন রাত থেকেই বিশ্ববিদ্যালয়ে শুরু হয় ভিসি পতনের আন্দোলন।
ইত্তেফাক/কেআই