জাম্বুরা দেওয়ার লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণ, গ্রেফতার ১

পাবনার ভাঙ্গুড়ায় চার বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে নাঈম হোসেন (১৫) নামে এক কিশোরকে আটক করে পুলিশে সোপর্দ করেছে গ্রামবাসী। রবিবার রাতে উপজেলার খানমরিচ ইউনিয়নের সুলতানপুর গ্রামে এ ঘটনা ঘটে।

ধর্ষণের শিকার শিশুর পারিবারিক সূত্রে জানা গেছে, রবিবার সন্ধ্যার পরে প্রতিবেশী নাঈম শিশুটিকে জাম্বুরা দেয়ার লোভ দেখিয়ে বাড়ির পাশের একটি বাগানে নিয়ে যায়। পরে তাকে ভয় দেখিয়ে ধর্ষণ করে। এ সময় তার চিৎকারে এলাকাবাসী শিশুটিকে উদ্ধার করে। পরে ওই শিশুটিকে রক্তাক্ত অবস্থায় ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আরো পড়ুন: বাবার পিস্তলের গুলিতে পুলিশের ডিসির ছেলের মৃত্যু

ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাসুদ রানা বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি মেয়েটির খোঁজ খবর নিয়েছি। শিশুটির ডাক্তারি পরীক্ষার জন্য সোমবার পাবনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ৯ (১) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। আটক নাঈমকে সোমবার জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

ইত্তেফাক/বিএএফ