তুলির শেষ আঁচড়

সনাতন ধর্মালম্বাবলীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব দুর্গাপূজাকে ঘিরে মণ্ডপে মণ্ডপে চলছে শেষ তুলির আঁচড়। রঙিন হয়ে উঠছে প্রতিমাগুলো। ঘরে ঘরে চলছে আনন্দ আয়োজন।

রংপুরের গঙ্গাচড়ায় এবছর ১০৩টি পূজা মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। উপজেলার ৯টি ইউনিয়নের ১০৩টি পূজামণ্ডপে দুর্গাউৎসব অনুষ্ঠিত হবে। এর মধ্যে বেতগাড়ীতে ২৬টি, বড়বিলে ১১টি, কোলকোন্দে ৯টি, লক্ষ্মীটারীতে ৩টি, গজঘণ্টায় ২টি, মর্ণেয়ায় ১টি, আলমবিদিতরে ১৩টি, নোহালীতে ১৬টি এবং গঙ্গাচড়ার ২০টি পূজা মণ্ডপে দুর্গা পূজা অনুষ্ঠিত হবে। তবে গত বছর ১১৩টি পূজা অনুষ্ঠিত হয়েছিল।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ গঙ্গাচড়া শাখার সভাপতি ও সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ক্ষ্যান্ত রাণী রায় জানান, মণ্ডপে মণ্ডপে পূজার শেষ প্রস্তুতি চলছে। এবছর ১০৩টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে।

গঙ্গাচড়া মডেল থানা অফিসার ইনচার্জ মসিউর রহমান জানান, এর মধ্যে কিছু মণ্ডপ ঝুঁকিপূর্ন হিসেবে চিহ্নিত করা হয়েছে। মণ্ডপগুলোতে যাতে কোন দুর্ঘটনা না ঘটে এজন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

ইত্তেফাক/আরকেজি