ভুঞাপু‌রে বসতঘর সরাতে গি‌য়ে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধা নিহত

টাঙ্গাই‌লের ভুঞাপু‌রে যমুনা নদী‌র ভাঙ‌নের হাত থে‌কে রক্ষার জন্য বসতবা‌ড়ি সরাতে গি‌য়ে বিদ্যুৎস্পৃষ্টে এক বৃদ্ধার মৃত্যু হ‌য়ে‌ছে। মঙ্গলবার সকাল ৯টার দিকে উপজেলার তারাই গ্রামে এই ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছে আ‌রও তিনজন।

আহতদে‌র মধ্যে দুইজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চি‌কিৎসার জন্য টাঙ্গাইল মে‌ডিকেল ক‌লেজ হাসপাতালে পাঠানো হয়েছে‌। নিহত লাল খা (৬০) উপজেলার অর্জুনা ইউ‌নিয়নের তারাই গ্রা‌মের কুরবান খানের ছেলে। 

আহতরা হলেন, একই গ্রা‌মের কালু খার ছেলে সুলতান খা (৩৫), নিশান আলী খানের ছেলে কালু খান ও অজ্ঞাত আরও একজন।

উপজেলার অর্জুনা ইউ‌নিয়ন প‌রিষদের চেয়ারম্যান আইয়ুব আলী মোল্ল্যা জানান, উপজেলার তারাই গ্রামে হঠাৎ করে যমুনা নদীতে ভাঙন শুরু হয়েছে। এ‌তে যমুনার হাত থেকে বসতঘর রক্ষার জন্য ঘরের চাল সরাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে ঘটনাস্থলে লাল খা নিহত হয়েছে। এতে আরো তিনজন আহত হয়েছেন। এদের মধ্যে দুইজনকে উন্নত চি‌কিৎসার জন্য টাঙ্গাইল মে‌ডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে‌।

আরও পড়ুন: নাগেশ্বরীতে গত ১ মাসে ৪ খুন

তি‌নি আরও জানান, যমুনা নদীর ভাঙনে সম্প্র‌তি শতা‌ধিক বা‌ড়ি নদীতে বিল‌ীন হয়ে গেছে।

ইত্তেফাক/নূহু