রংপুরের পীরগঞ্জে এক যুবককে হত্যার অভিযোগে তার স্ত্রী ও শ্বশুরকে গ্রেফতার করা হয়েছে। গত সোমবার দিবাগত রাতে উপজেলার রামনাথপুর ইউনিয়নের বড়মজিদপুর গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, বড়মজিদপুর গ্রামের স্টুডিও ব্যবসায়ী আবুল হোসেনের মেয়ে হাসনাহেনার (৩০) সঙ্গে পার্শ্ববর্তী গাইবান্ধা জেলার সাদুল্যাপুর উপজেলার হিঙ্গার পাড়া গ্রামের এমাত আলীর ছেলে হারুন মিয়ার প্রায় ১৫ বছর আগে বিয়ে হয়। বিয়ের পর থেকে তাদের মধ্যে পারিবারিক কলহ চলে আসছিলো।
এ অবস্থায় গত ২৭ সেপ্টেম্বর হাসনাহেনা রাগ করে তার বাবার বাড়ি পীরগঞ্জের বড়মজিদপুর গ্রামে চলে আসে। এরপর গত সোমবার স্ত্রী হাসনাহেনা তার স্বামী হারুনকে তাদের বাড়িতে বেড়াতে আসতে বললে হারুন সোমবার সন্ধ্যায় শ্বশুর বাড়ি চলে আসে। এরপর মঙ্গলবার সকালে পুলিশ খবর পেয়ে হারুনের ঝুলান্ত লাশ তার শ্বশুর বাড়ির পাশ থেকে উদ্ধার করে।
এ ঘটনায় নিহত হারুন এর বাবা এমাত আলী বাদী হয়ে পীরগঞ্জ থানায় মামলা করেছে। পুলিশ গতকাল বিকেলে নিহতের স্ত্রী হাসনাহেনা ও শ্বশুর আবুল হোসেনকে আটক করে।
আরও পড়ুন: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে প্রতি আসনের বিপরীতে আবেদন ৬৫
এ ব্যাপারে পীরগঞ্জ অফিসার ইনচার্জ সরেস চন্দ্র বলেছেন এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্ত্রী ও শ্বশুরকে আটক করা হয়েছে।
ইত্তেফাক/নূহু