পদ্মার ভাঙনে হুমকিতে দৌলতদিয়া লঞ্চ ও ফেরিঘাট

অব্যাহত পানি বৃদ্ধিতে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ও দেবগ্রাম ইউনিয়নে আবারো পদ্মার তাণ্ডব শুরু হয়েছে। এতে ভাঙন হুমকিতে পড়েছে দৌলতদিয়া লঞ্চ ও ফেরিঘাটসহ গুরুত্বপূর্ণ স্থাপনা। দফায় দফায় পদ্মার পানি বৃদ্ধি পাওয়ায় পাল্লা দিয়ে ভাঙছে নদী পাড়ের ঘরবাড়ি ও ফসলি জমি। আতঙ্কে সরিয়ে নেওয়া হচ্ছে শত শত ঘরবাড়ি।

গত পাঁচ দিনে উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের ঢল্লাপাড়া, ১ নম্বর বেপারীপাড়া, জলিল মণ্ডলের পাড়া এবং দেবগ্রাম ইউনিয়নের কাওলজানি গ্রামের কয়েকশ বিঘা ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এছাড়া ভাঙনের শিকার হয়ে প্রায় ৩০০ পরিবারের ভিটেমাটি নদীগর্ভে বিলীন হয়েছে। ঘরবাড়ি সরিয়ে নিয়েছে প্রায় ২০০ পরিবার। তারপরও ঐ এলাকার প্রায় ৫০০ পরিবার ভাঙন আতঙ্কে রয়েছে। এছাড়া দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের লঞ্চঘাট ও ফেরিঘাটসহ এর সংলগ্ন প্রায় তিন শতাধিক বসতবাড়ি, একটি মসজিদসহ বেশকিছু গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে ভাঙন ঝুঁকিতে।

আরও পড়ুন: সেলিমের উত্থান যেভাবে

উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবায়েত হায়াত শিপলু বলেন, এভাবে ভাঙন অব্যাহত থাকলে দৌলতদিয়া ফেরি ও লঞ্চঘাট হুমকির মুখে পড়বে। সোমবার বিকেলে ভাঙন এলাকা পরিদর্শন শেষে রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী বলেন, এভাবে ভাঙতে থাকলে দৌলতদিয়া ফেরি ও লঞ্চ ঘাট রক্ষা করা মুশকিল হয়ে পড়বে। তাই অন্তত দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের যাতায়াত ঠিক রাখতে জরুরি ভিত্তিতে ফেরি ও লঞ্চঘাট রক্ষা করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পানি উন্নয়ন বোর্ডকে নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া প্রধানমন্ত্রীসহ পানিসম্পদ প্রতিমন্ত্রীকেও বিষয়টি জানাব।

ইত্তেফাক/অনি