আর দুই দিন পর রংপুর-৩ এর শূন্য আসনে ইভিএমের মাধ্যমে উপ-নির্বাচনের ভোটগ্রহণ। বৃহস্পতিবার সকাল পর্যন্ত থাকবে ভোটারদের কাছে প্রার্থীদের দৌড়ঝাঁপ। আমেজহীন প্রচারণার শেষ মুহূর্তে ব্যস্ত তিন হেভিওয়েট প্রার্থী।
শুরু থেকে কৌশলী প্রচারণায় এগিয়ে আছেন এরশাদপুত্র রাহগীর আলমাহি সাদ। আর শেষ বেলায় কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়ে ধানের শীষের প্রচারণায় ভোটারদের কাছ থেকে সাড়া পাচ্ছেন বিএনপি প্রার্থী রিটা রহমান। এতে বিভেদ ভুলে উজ্জীবিত রংপুর বিএনপি এখন এক কাতারে দাঁড়িয়েছে।
রংপুরে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির মহাসচিব, যুগ্ম মহাসচিব, স্থায়ী কমিটির সদস্য, সাবেক সংসদ সদস্যসহ দলের শীর্ষ নেতাদের উপস্থিতি, গণসংযোগ ও পথসভায় কেটে গেছে রিটা রহমানের ভোট নিয়ে হতাশা। এখন ব্যাপক সংখ্যক স্থানীয় নেতা-কর্মীদের সঙ্গে ব্যস্ত সময় পার করছেন তিনি। শীর্ষ নেতাদের আগমন, নির্বাচন নিয়ে দিক-নির্দেশনা এবং প্রচারণায় উদ্বেলিত রংপুর মহানগর ও জেলা বিএনপি। সঙ্গে সহযোগী সংগঠনগুলো এখন প্রচারণা মাঠে সরব।
বুধবার সকালে মহানগরীর সেন্ট্রাল রোড থেকে গণসংযোগ করেন সুপার মার্কেট এলাকা পর্যন্ত পায়ে হেটে গণসংযোগ করেন বিএনপির প্রার্থী রিটা রহমান। এছাড়া বিকেল থেকে রাত পর্যন্ত বিভিন্ন এলাকায় গণসংযোগ ও পথসভা করেছেন। এ সময় তার সঙ্গে থেকে ধানের শীষে ভোট দিতে ভোটারদের আহ্বান করেন দলের স্থায়ী কমিটির সদস্য ইকবাল মাহমুদ টুকু, কেন্দ্রীয় কমিটির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবীব দুলু, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়েদ, যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল খালেক, ঢাকা সিটির সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে ইসরাক হোসেন প্রমুখ।
অন্যদিকে দীর্ঘ ২৮ বছর ধরে লাঙ্গলের দূর্গ হিসেবে পরিচিত এই আসনে বাবার স্বপ্ন পূরণে শুরু থেকে কৌশলী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন আওয়ামী লীগ সমর্থিত জাতীয় পার্টির প্রার্থী রাহগীর আলমাহি সাদ এরশাদ। প্রতিদিন গণসংযোগ, বিভিন্ন এলাকায় পথসভা এবং গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের তার চলছে মতবিনিময়। যা অন্য প্রার্থীদের ক্ষেত্রে খুব কম।
এরশাদপুত্র সাদ লাঙ্গল হাতে ভোটারদের দোর গোড়ায় যাচ্ছেন। উন্নয়নের প্রতিশ্রুতি দেওয়ার পাশাপাশি হাসিমুখে বুকে টেনে ভোট চাইছেন ভোটারদের কাছে। শিক্ষাপ্রতিষ্ঠান, চিকিৎসা সেবা কেন্দ্র, ধর্মীয় প্রতিষ্ঠানসহ বিভিন্ন ব্যবসায়ী, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনে মতবিনিময় করে কৌশলে ভোটযুদ্ধে অনেকটা এগিয়ে আছেন সাদ এরশাদ। যদিও তার বিরুদ্ধে অন্য প্রার্থীদের রয়েছে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের একাধিক অভিযোগ।
বুধবার সকাল থেকে রাত পর্যন্ত গণসংযোগ, মতবিনিময় ও পথসভায় ঘাম ঝরানো ভোট প্রার্থণা করছেন লাঙ্গলের বিজয় নিশ্চিত করতে মরিয়া সাদ এরশাদ। নগরীর সিদ্দিক মেমোরিয়াল স্কুল এন্ড কলেজ, নগর মীরগঞ্জ উচ্চ বিদ্যালয় পরিদর্শন এবং নর্থ বেঙ্গল কিন্ডার গার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল সোসাইটি, শিক্ষক ঐক্য পরিষদের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেছেন। এছাড়া বারো আউলিয়া, ধর্মদাস মর্ডাণ মোড়, দমদমাতে গণসংযোগ করেছেন। এ সময় তার সঙ্গে রংপুর জেলা ও মহানগের নেতারা ছাড়াও কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
এদিকে এরশাদ পরিবারের আরেক সদস্য, স্বতন্ত্র প্রার্থী হোসেন মকবুল শাহরিয়ার আসিফও গণসংযোগ ও পথসভা করেছেন। তবে বিএনপি ও জাতীয় পার্টির প্রার্থী মতো তার প্রচারণায় দলীয় নেতারা সঙ্গী না হলেও সাধারণ ভোটার ও কর্মী-সমর্থকদের ছিলো ব্যাপক সাড়া।
আরও পড়ুন: মহেশপুরে অপহৃত স্কুলছাত্রী ১০দিনেও উদ্ধার হয়নি
হেভিওয়েট এই তিন প্রার্থী ছাড়াও খেলাফত মসলিসের তৌহিদুর রহমান মন্ডল, গণফ্রন্টের কাজী শহিদুল্লাহ এবং এনপিপির শফিউল আলমের পক্ষেও বিভিন্ন এলাকাতে মাইকিং ও গণসংযোগ করতে দেখা গেছে।
ইত্তেফাক/নূহু