‘ডিজিটাল শিল্প বিপ্লবের সঙ্গে সামঞ্জস্য রেখে শিক্ষার্থীদেরকে প্রস্তুতি নিতে হবে’

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, 'আমরা এখন চতুর্থ শিল্প বিপ্লবের দ্বার প্রান্তে। চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় প্রচলিত শিক্ষার পাশাপাশি ডিজিটাল শিল্প বিপ্লবের সঙ্গে সামঞ্জস্য রেখে শিক্ষার্থীদেরকে প্রস্তুতি নিতে হবে।' বুধবার আগারগাঁওস্থ আইসিটি টাওয়ারে বিসিসি মিলনায়তনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে জাপানে কর্মসংস্থান উপযোগী করে গড়ে তোলা আইটি ইঞ্জিনিয়ারদের সনদ বিতরণ অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।

আইসিটি প্রতিমন্ত্রী জাপানকে বাংলাদেশের দীর্ঘ পরীক্ষিত ও বিশ্বস্ত বন্ধু উল্লেখ করে বলেন, 'বাংলাদেশের সঙ্গে জাপানের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্ণ হতে যাচ্ছে। জাপানিরা শান্তি প্রিয়, নিয়মানুবর্তিতা পালনকারী হিসেবে বিশ্বে সুপরিচিত।'

এ সময় সনদ পাওয়া শিক্ষার্থীদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, 'আপনারাই হবেন জাপানে বাংলাদেশের ব্যান্ড অ্যাম্বাসেডর। জাপানি জনগণের সঙ্গে কাজ করার এই সুযোগ আমাদের তরুণদের জন্য দারুণ অভিজ্ঞতা সঞ্চয়ের সুযোগ সৃষ্টি হবে।' তিনি পেশাদারিত্ব ও প্রশিক্ষণলব্ধ জ্ঞান যথাযথভাবে কাজে লাগিয়ে জাপানের আইটি সেক্টরের উপযোগী করে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে প্রশিক্ষণ গ্রহণকারীদের প্রতি আহ্বান জানান।

আরও পড়ুন:  টেকসই শিল্পায়নের লক্ষ্যে চতুর্থ শিল্প বিপ্লবের সুফল কাজে লাগানো হবে: শিল্পমন্ত্রী

প্রতিমন্ত্রী বলেন, 'আমাদের দেশে প্রতি বছর ২০ লাখ গ্রাজুয়েট বের হয়। জাপানে প্রতিবছর প্রায় দুই লাখ আইটি প্রফেশনাল-এর চাহিদা রয়েছে। তাই ভালোবাসা, সম্মান, দায়িত্ববোধ এবং সময়ানুবর্তিতা এ চারটি বিষয় নিষ্ঠার সঙ্গে পালনের মাধ্যমে জাপানের শ্রম বাজারে প্রবেশের এ সুযোগ কাজে লাগাতে হবে।'

অনুষ্ঠানে জাইকা বাংলাদেশের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ হিতশি হিরাতা বলেন, 'বি-জেট প্রোগ্রাম বাংলাদেশ ও জাপান এবং দুই দেশের মানুষের মধ্যেকার বন্ধুত্বপূর্ণ সম্পর্কের এক দারুণ উদাহরণ।' ভবিষ্যতেও এটি আরও দৃঢ় হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

ঢাকাস্থ জাপান দূতাবাসের ভারপ্রাপ্ত চার্জ দ্যা এফেয়ার্স ইয়াসুহারু শিনত বলেন, 'জাপানে কর্মক্ষম লোক কমে যাচ্ছে। তাই আশেপাশের দেশ থেকে শ্রমিক আনা হচ্ছে। বাংলাদেশের বি-জেট থেকে এর আগে পাঁচটি ব্যাচ জাপানে গিয়েছে। সেখানে তাদের কাজের সুনাম ও প্রশংসা শুনছি আমরা।'

বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক পার্থপ্রতিম দেবের সভাপতিত্বে অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম, জাইকা বাংলাদেশের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ হিতশি হিরাতা, ঢাকাস্থ জাপান দূতাবাসের ভারপ্রাপ্ত চার্জ দ্যা এফেয়ার্স ইয়াসুহারু শিনত ও প্রকল্প পরিচালক ইঞ্জিনিয়ার গোলাম সারোয়ার প্রমুখ বক্তব্য দেন।

ইত্তেফাক/জেডএইচডি