খুবিতে প্রতি আসনের বিপরীতে লড়বেন ২৭ শিক্ষার্থী

খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে প্রথম বর্ষে স্নাতক/স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষার আবেদন অনলাইনে জমাদারের সময়সীমা গত ৩০ সেপ্টেম্বর শেষ হয়েছে। এ বছর বিশ্ববিদ্যালয়ের চারটি ইউনিটের অধীন ৮টি স্কুলের অন্তর্ভুক্ত ২৯টি ডিসিপ্লিনে ১ হাজার ২১৭ আসনে ভর্তির জন্য অনলাইনে ৩২ হাজার ৬৩৬ জন আবেদন করেছে। আসন প্রতি ভর্তিচ্ছু পরীক্ষার্থীর সংখ্যা প্রায় ২৭ জন।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কার্যালয় এবং আইসিটি সেল সূত্র জানায়, এ-ইউনিটে ১৪ হাজার ৬২৩টি, বি-ইউনিটে ১২ হাজার ৫৩৩টি, সি-ইউনিটে ৪ হাজার ৩৯৯টি এবং ডি-ইউনিটে ১ হাজার ৮১টি আবেদন জমা পড়েছে । তবে উপরোক্ত ১ হাজার ২১৭টি আসন ছাড়াও এবার ২৯ ডিসিপ্লিনের প্রত্যেকটিতে ২টি করে বিদেশি শিক্ষার্থী ভর্তির সুযোগ রয়েছে। আগামী ২ নভেম্বর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

আরো পড়ুন: চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন প্রায় ৯৮ শতাংশ ডেঙ্গু রোগী

সূত্র জানায়, আগামী ২ নভেম্বর সকাল ৮ টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত ‘সি’ ইউনিটের অধীন ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুলের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত ‘এ’ ইউনিটের অধীন বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুল এবং জীব বিজ্ঞান স্কুলের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। দুপুর দেড়টা থেকে ৩ টা পর্যন্ত ‘বি’ ইউনিটের অধীন কলা ও মানবিক স্কুল, সামাজিক বিজ্ঞান স্কুল, আইন স্কুল এবং শিক্ষা স্কুলের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।  এছাড়া বিকাল ৪ টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত ‘ডি’ ইউনিটের অধীনে চারুকলা স্কুলের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ইত্তেফাক/বিএএফ