মা হ মু দু ল আ মি ন
কিছুদিন আগে একটি শোতে অংশ নিতে দেশের বাইরে গিয়েছিলেন চিত্রনায়িকা সালওয়া। দেশে ফেরার পর তিনি জানতে পারেন, তার প্রথম সিনেমা ‘রাজকন্যা’র নাম পরিবর্তন করা হয়েছে। সেইসঙ্গে সিনেমার পরিচালকও পরিবর্তন করা হয়েছে। সিনেমার নাম পরিবর্তন করে রাখা হয়েছে ‘স্বপ্নে দেখা রাজকন্যা’। পরিচালক রাজু চৌধুরীর স্থানে পরিচালক হিসেবে স্থলাভিষিক্ত হলেন মোস্তাফিজুর রহমান মানিক। শুরু হয়েছে ‘স্বপ্নে দেখা রাজকন্যা’ সিনেমার শুটিং। এরইমধ্যে কক্সবাজার, যশোরে সিনেমাটির অর্ধেক কাজ সম্পন্ন হয়েছে বলে জানালেন সিনেমার নায়িকা মিস বাংলাদেশ খ্যাত সালওয়া। তিনি জানান শিগগিরই মানিকগঞ্জে শুটিং শুরুর মধ্যদিয়ে সিনেমার পুরো কাজ শেষ হবে। এই সিনেমায় আপনার চরিত্রের নাম কী? জবাবে সালওয়া বলেন, ‘সত্যি বলতে কী, নামটা নিয়েই মূলত রহস্য। তাই আপাতত নামটা প্রকাশ করা যাচ্ছে না।’ কেমন হলো কাজ, যতটুকু করেছেন? সালওয়া বলেন, ‘যতটুকু কাজ করেছি, আমার কাছে খুবই ভালো লেগেছে। যেহেতু আমার প্রথম সিনেমা, তাই ইউনিটের প্রত্যেকেই আমাকে দারুণ সহযোগিতা করেছেন। আর সিনেমায় আমার যিনি নায়কও আমাকে পূর্ণ সহযোগিতা করছেন। পরিচালক মানিক ভাইও অনেক সহযোগিতা করছেন। সবমিলিয়েই খুব ভালো একটি কাজ হচ্ছে, যে কারণে আমার প্রথম সিনেমা নিয়ে আমি অনেক আশাবাদী।’ সালওয়ারের সঙ্গে প্রথম সিনেমায় অভিনয় প্রসঙ্গে আজাদ বলেন, ‘মোস্তাফিজুর রহমান মানিক ভাই একজন অভিজ্ঞ পরিচালক। তার নির্মিত অনেক ব্যবসাসফল সিনেমা রয়েছে। তিনি তার অভিজ্ঞতার আলোকেই ‘স্বপ্নে দেখা রাজকন্যা’ সিনেমাটি নির্মাণ করছেন। আমি আমার অবস্থান থেকে সবটুকু দিয়েই কাজ করছি। সালওয়া নতুন হলেও বেশ বিচক্ষণ। যে কারণে চরিত্রের মধ্যে ডুবে থেকেই কাজ করার চেষ্টা করছেন। আমাদের দুজনের মধ্যে কাজের বোঝাপড়াটাও চমত্কার। আমি খুব আশাবাদী সিনেমাটি নিয়ে।’