র ফি কু ল ই স লা ম
শুরুটা ছিল তার সিনেমায়, কিন্তু এখন ব্যস্ততা তার ছোট পর্দায় অভিনয়ে। তিনি আইরিন তানি। তিনি জানান, নাটকে অভিনয়েই তিনি বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন। তবে সিনেমায়ও কাজ করেছেন। যদিও সেসব সিনেমা এখনো মুক্তির মিছিলে না আসায় কিছুটা মন খারাপ তানির। এরইমধ্যে চ্যানেল আইতে প্রচারের জন্য আইরিন তানি ‘সাঁতার’ নামের একটি টেলিফিল্মে অভিনয় করেছেন। এই টেলিফিল্মে তিনি দিলারা জামান, রাইসুল ইসলাম আসাদ, চম্পার মতো গুণী অভিনয়শিল্পীদের সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছেন। রাজধানীর অদূরে পুবাইলে টেলিফিল্মটির দৃশ্য ধারণের কাজ শেষ হয়েছে। টেলিফিল্মটি রচনা করেছেন তুষার কান্তি সরকার এবং পরিচালনা করেছেন গোলাম হাবিব লিটু। টেলিফিল্মটিতে অভিনয় প্রসঙ্গে আইরিন তানি বলেন, ‘এর গল্পটিই অসাধারণ। দর্শক এখন ভালো গল্পের নাটক-টেলিফিল্ম দেখতে বেশি আগ্রহী। এ টেলিফিল্মে কাজ করার সবচেয়ে সুখকর অভিজ্ঞতা হলো, আমি এতে শ্রদ্ধেয় দিলারা জামান ম্যাডাম, রাইসুল ইসলাম আসাদ ভাই ও চম্পা আপার সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছি। তাদের সঙ্গে কাজ করতে পারার মধ্যে নিজেকে অভিনয়ে আরো সমৃদ্ধ করার একটা সুযোগ পেয়েছি। তাদের স্নেহ-ভালোবাসার পরশে সত্যিই মুগ্ধ হয়েছি। কাজটিও অনেক সুন্দর হয়েছে, দর্শকের ভালো লাগবে আশা করছি।’ তিনি আরো জানান, এই নাটকে আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন রিমি করিম। শিগগিরই নাটকটি চ্যানেল আইতে প্রচারিত হবে। এদিকে আইরিন তানি নতুন চারটি ধারাবাহিক নাটকে অভিনয় করছেন। নাটকগুলো হলো ফরিদুল হাসানের ‘বাউণ্ডুলে’, ‘লাকি থার্টিন’, সঞ্জিত সরকারের ‘চিটিং মাস্টার’ ও আকাশ রঞ্জনের ‘বউ-শাশুড়ি’। চলতি বছরের শুরুতে আইরিন তানি গ্রামীণ ফোনের একটি বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছিলেন। জাহিদ হাসানের বিপরীতে তিনি ডিভাইন সিটি বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করে আলোচনায় এসেছিলেন। তার অভিনীত প্রথম সিনেমা ছিল বাদল খন্দকারের ‘বিদ্রোহী পদ্মা’। কলকাতার শঙ্খ ঘোষের নির্দেশনায় তানি ‘মায়া’ সিনেমায় কাজ করেছেন। সিনেমাটি মুক্তির অপেক্ষায় রয়েছে। এছাড়াও তিনি গোলাম মোস্তফা শিমুলের নির্দেশনায় ‘দ্য লোনি’ ও ‘লবণ’ সিনেমায় কাজ করেছেন।