এবার খলনায়িকার ভূমিকায়

 

র ফি কু ল  ই স লা ম

 

অভিনয়জীবনের দীর্ঘ তিন দশক অতিবাহিত করছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী রোজী সিদ্দিকী। দীর্ঘ এই পথচলায় এবারই প্রথম তিনি কোনো সিনেমায় খলনায়িকা বা ভিলেনের চরিত্রে অভিনয় করেছেন। ‘পরাণ’ নামক একটি সিনেমায় তাকে খলনায়িকার ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে। ময়মনসিংহে গত ১৪ থেকে ১৬ সেপ্টেম্বর রোজী সিদ্দিকী সিনেমাটির শুটিংয়ের কাজ শেষ করেছেন। এতে তিনি ডেইজি সরকারের ভূমিকায় অভিনয় করেছেন। সিনেমাটিতে অভিনয় প্রসঙ্গে রোজী সিদ্দিকী বলেন, ‘নানা সময়ে সিনেমায় খলনায়িকার চরিত্রে অভিনয় করার প্রস্তাব পেয়েছি। কিন্তু ব্যাটে বলে মিলেনি বিধায় করা হয়ে ওঠেনি। তবে আমার ইচ্ছে ছিল, সিনেমায় এই ধরনের একটি চরিত্রে অভিনয় করার। চরিত্রটি ভালো লেগেছে তাই অনেকটা চ্যালেঞ্জ নিয়েই সিনেমাটিতে অভিনয় করেছি। তবে স্ক্রিপ্টটা যদি আগে পাওয়া যেত, তবে আরো ভালোভাবে চরিত্রটি রপ্ত করে অভিনয় করলে নিজে আরো তৃপ্ত হতে পারতাম। তবে যতটুকুই করেছি, আমি খুব আশাবাদী। দেখা যাক, দর্শকের রায়ে কী ফলাফল আসে।’ ‘পরাণ’ সিনেমায় আরো অভিনয় করেছেন বিদ্যা সিনহা মিম, ইয়াশ রোহান, শরিফুল রাজ, শিল্পী সরকার অপুসহ আরো অনেকে। এদিকে রোজী সিদ্দিকী নিয়মিত ‘মান অভিমান’, ‘ঘুমন্ত শহরে’, ‘ফ্যামিলি ক্রাইসিস’ ও ‘তুমি আছ তাই’ ধারাবাহিকে অভিনয় করছেন। নাটকগুলো যথাক্রমে পরিচালনা করছেন আশীষ রায়, নজরুল ইসলাম রাজু, মোস্তফা কামাল রাজ ও হাসান। ১৯৮৯ সালে প্রয়াত মমতাজ উদ্দিন আহমাদের নির্দেশনায় ‘সাতঘাটের কানাকড়ি’ নাটকে প্রথম অভিনয় করেন রোজী সিদ্দিকী। এই নাটকে অভিনয়ের মধ্যদিয়েই পেশাগতভাবে অভিনয়ে তার যাত্রা শুরু। ১৯৯০ সালে বিটিভিতে খালেদ খানের বিপরীতে একটি নাটকে অভিনয় করেন। তার অভিনীত প্রথম সিনেমা গৌতম ঘোষের ‘পদ্মা নদীর মাঝি’। পরবর্তীতে তিনি কাজীয় হায়াতের ‘লাভ স্টোরি’ সিনেমায় অভিনয় করেন। এছাড়াও তিনি ‘মেড ইন বাংলাদেশ’ ও ‘শঙ্খচিল’ সিনেমাতেও অভিনয় করেছেন। আগামী ১১ অক্টোবর গঙ্গা যমুনা নাট্যোত্সবে রোজী সিদ্দিকীর একক মঞ্চ নাটক ‘পঞ্চ নারীর আখ্যান’-এর ৬৯তম মঞ্চায়ন হবে। এটি রচনা করেছেন হারুন অর রশীদ এবং নির্দেশনায় দিয়েছেন অভিনয়শিল্পী সংঘের সভাপতি ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা শহীদুজ্জামান সেলিম। উল্লেখ্য, ‘পরাণ’ সিনেমাটি পরিচালনা করছেন রায়হান রাফি।