মুহিনের সুর-সংগীতে স্বরলিপি

স্বরলিপির কণ্ঠ ও গায়কীর প্রশংসা করেন শ্রোতা-দর্শক থেকে শুরু করে অন্য অনেক প্রতিথযশা সংগীতশিল্পীরাই। কিন্তু স্বরলিপি তার নিজের গায়কী বা কণ্ঠ নিয়ে কখনোই তৃপ্ত নন। তার কথা একটাই, এখনো অনেক শেখা-জানা বাকি রয়ে গেছে। প্রতিনিয়তই তিনি নিজেকে আরো ভালোভাবে গড়ে তোলার প্রচেষ্টায় থাকেন। প্রতিটি নতুন নতুন গানেই স্বরলিপি নিজের সবটুকু দিয়ে চেষ্টা করেন গাইতে। জামাল হোসেনের লেখা ‘ভাবনার বাতায়নে’ গানটিতে নতুন এক স্বরলিপিকে খুঁজে পেল শ্রোতা-দর্শক। গত ২৬ সেপ্টেম্বর রঙ্গন মিউজিকের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে স্বরলিপির গাওয়া নতুন গান ‘ভাবনার বাতায়নে’। গানটির সুর-সংগীত করেছেন সংগীতশিল্পী মুহিন খান। প্রকাশের পর যারাই গানটি শুনছেন, তারাই স্বরলিপির গায়কীর বেশ প্রশংসা করছেন। মুহিন বলেন, ‘আমার বিশ্বাস ছিল, স্বরলিপির এই গানে শ্রোতারা মুগ্ধ হবেন। কারণ, আমি নিজে নতুন এক স্বরলিপিকে খুঁজে পেয়েছি এই গানে। অসাধারণ গেয়েছেন তিনি।’ স্বরলিপি বলেন, ‘চমত্কার একটি গীতিকবিতার সঙ্গে সামঞ্জস্য রেখে মুহিন ভাই সত্যিই অপূর্ব সুর করেছেন। জামাল হোসেন ভাইকে ধন্যবাদ আমাকে এত চমত্কার একটি গীতিকবিতার সাথি করার জন্য।’