ভোটের মাঠে সৌহার্দ্য: বুক মেলালেন নোমান-নওফেল

চট্টগ্রামে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরুর আগে হযরত শাহ আমানত খান (রহ.) মাজার জিয়ারত করে মাঠে নামার আগে পরম আন্তরিকতায় পরস্পরকে জড়িয়ে ধরে বুক মেলালেন বিএনপি নেতা আবদুল্লাহ আল নোমান ও আওয়ামী লীগ নেতা ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। তাদের এই সৌহার্দ্যমূলক আলিঙ্গনে উভয়দলের নেতাকর্মীদের মধ্যে মাজার প্রাঙ্গণে এক অভূতপূর্ব প্রীতিময় দৃশ্যের অবতারণা হয়। 

মঙ্গলবার দুপুর ১২টায় চট্টগ্রামের দুই আসনে বিএনপি ও আওয়ামী লীগের দুই প্রার্থী মাজার প্রাঙ্গণে পরস্পরকে দেখে হাসিমুখে হাত বাড়িয়ে এগিয়ে যান। তারা পরস্পর কুশল বিনিময় করেন। একে অপরের সুস্বাস্থ্য ও সাফল্য কামনা করেন। 

চট্টগ্রাম মহানগরী আওয়ামী লীগের সভাপতি ও চট্টগ্রামের সাবেক মেয়র মরহুম এবিএম মহিউদ্দিন চৌধুরীর ছেলে ব্যারিস্টার মহিবুল হাসান চট্টগ্রাম-৯  (কোতয়ালী) আসনে এবার নির্বাচন করছেন। 

আরো পড়ুন: কক্সবাজারে একই আসনে বাবা-মেয়ে প্রার্থী

অন্যদিকে প্রবীণ নেতা ও সাবেক মন্ত্রী বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান নগরীর চট্টগ্রাম-১০ (ডবলমুরিং-পাহাড়তলি-হালিশহর) আসনে নির্বাচন করছেন। আর মহিবুল হাসান চৌধুরী নওফেল আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দুই পক্ষের এই দুই নেতার কোলাকুলি নগরীতে রাজনৈতিক সম্প্রীতির নজির বলেও পর্যবেক্ষক মহলে আলোচিত হচ্ছে।

ইত্তেফাক/জেডএইচ