শুরুতেই লিভারপুল ৩-০ গোলে এগিয়ে গিয়ে সহজ জয়ের পথে ছিল। এরপরই যেন রেড বুল সালসবুর্গ রূপকথার গল্পের মত ঘুরে দাঁড়াল। প্রথমার্ধে তিন গোল খেয়ে সমতায় ফেরা মোটেই সহজ কাজ নয়। কিন্তু সেটাই করে দেখাল সালসবুর্গ।
তবে শেষ হাসিটা ঠিকই হাসল লিভারপুল। ৪-৩ ব্যবধানে জিতে গিয়ে আসরে নিজেদের প্রথম জয় তুলে নিল ইয়ুর্গেন ক্লপের শিষ্যরা।
বুধবার রাতে চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বের ম্যাচের শুরুটা ছিল শুধুই লিভারপুলময়। ‘ই’ গ্রুপে ৭ গোলের রোমাঞ্চকর ম্যাচে জিতেছে গত আসরের চ্যাম্পিয়নরা। নিজেদের প্রথম ম্যাচে নাপোলির বিপক্ষে ২-০ গোলে হেরেছিল তারা।
লিভারপুলের হয়ে জোড়া গোল করেন মোহামেদ সালাহ। একটি করে গোল করেন সাদিও মানে ও অ্যান্ড্রু রবার্টসন। অপরদিকে সালসবুর্গের হয়ে গোল করেন হুয়াং হি-চ্যান, তাকুমি মিনামিনো ও আর্লিং হলান্ড।
এই নিয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ঘরের মাঠে টানা ১২ ম্যাচেই জয়ের দেখা পেল লিভারপুল।
ইত্তেফাক/জেডএইচ