সেই নাসিরউদ্দিনকে অপসারণের দাবিতে বাকৃবিতে মানববন্ধন

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) সাবেক ভিসি অধ্যাপক ড. খন্দকার মো. নাসিরউদ্দিনকে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) থেকে অপসারণের দাবিতে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের বাম ছাত্র সংগঠনগুলি।

বাকৃবি রিসার্চ সিস্টেমের (বাউরেস) পরিচালক অধ্যাপক ড. এম এ এম ইয়াহিয়া খন্দকার ও সহযোগী পরিচালক ড. মুহাম্মদ মাহফুজুল হক মানববন্ধনে ছাত্রদের দাবির সঙ্গে একমত পোষণ করেন। বৃহস্পতিবার দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চের সামনে দুর্নীতি ও স্বৈরাচারবিরোধী সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে ওই মানববন্ধন করা হয়।
 
ড. এম.এ.এম. ইয়াহিয়া খন্দকার বলেন, 'ড. খন্দকার নাসিরউদ্দিনের বিরুদ্ধে যে অভিযোগগুলো উঠেছে, তদন্তের মাধ্যমে যদি সেগুলোর সত্যতা পাওয়া যায় তবে বাকৃবিতে তার যেন স্থান না হয়। এ বিষয়ে সঠিক তদন্ত করে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আবেদন জানাচ্ছি।'

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, 'অধ্যাপক ড. খন্দকার মো. নাসিরউদ্দিন বাকৃবির জন্য কলঙ্কস্বরূপ। বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা এমন একজন দুর্নীতি, স্বৈরাচার, যৌন নিপীড়ক, শিক্ষার্থীদের উপর সন্ত্রাসী হামলায় মদদদাতা হিসেবে অভিযুক্ত ব্যক্তিকে তাদের শ্রেণীকক্ষে ক্লাশ নিতে এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে দেখতে চায় না। আমরা খন্দকার নাসিরুদ্দিনকে বাকৃবি থেকে অবাঞ্ছিত ঘোষণা করছি। তার নিয়োগপত্র বাতিল করে বিশ্ববিদ্যালয় থেকে অপসারণের দাবি করছি। অন্যথায় সাধারণ শিক্ষার্থীরা প্রশাসনের বিরুদ্ধে আন্দোলনে নামতে বাধ্য হবে।'

আরও পড়ুন: আখাউড়ায় শিশু যৌন নিপীড়নকারী আটক

মানববন্ধনে বক্তব্য রাখেন, 'বিশ্ববিদ্যালয়ের সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের (বাসদ মার্ক্সবাদী) সভাপতি ধ্রুব জ্যোতি সিংহ ও সাধারণ সম্পাদক প্রেমানন্দ দাস , সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের (বাসদ) সহ সভাপতি ইব্রাহীম খলিল, সাধারণ সম্পাদক প্রবাল প্রান্ত রায়, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন বাকৃবি সংসদের সাধারণ সম্পাদক অনন্য ঈদ ই আমিন, সাংস্কৃতিক সংগঠন উদিচীর সাধারণ সম্পাদক জুবায়ের ইবনে কামাল, সাধারণ শিক্ষার্থীদরে পক্ষে তানজিলা ইসলাম রিতু, চারণ সাংস্কৃতিক কেন্দ্রের নিত্যানন্দ দাস, বিজ্ঞান চর্চা কেন্দ্রের আবদুল্লাহ আল আসিফ।

ইত্তেফাক/নূহু