ইউক্রেন থেকে ফ্রান্স যাওয়ার পথে স্লোভাকিয়ায় নিহত হয়েছিলেন ফরিদ উদ্দিন আহমদ (৩৫)। তিনি সিলেটের বিশ্বনাথ উপজেলার কারিকোনা গ্রামের সমশাদ আলীর পুত্র। তার লাশ দেশে আনা হয়েছে।
বিমানের একটি ফ্লাইটে বৃহস্পতিবার সকাল ১০টায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দরে নিহতের মরদেহ পৌঁছে। বিমান বন্দরে লাশ রিসিভ করে নিহতের স্বজনরা। এরপর বিমান বন্দর থেকে লাশ নিয়ে যাওয়া হয়েছে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে। সেখানে সুরতহাল এবং ময়না তদন্ত শেষে নিহত ফরিদের লাশ গ্রামের বাড়িতে নিয়ে আসা হয়।
আগামীকাল শুক্রবার বাদ জুম্মা জানাযার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে ফরিদকে দাফন করা হবে বলে জানা গেছে।
বিমানবন্দরে লাশ গ্রহনকালে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রধান ডাক্তার শামসুল ইসলাম, নিহতের ছোট ভাই যুক্তরাজ্য প্রবাসী কাওছার আহমদ, আলাউদ্দিন, গিয়াস উদ্দিনসহ নিহতের স্বজনরা।
প্রসঙ্গত, ২০১৮ সালে অনুষ্ঠিত ফুটবল বিশ্বকাপ দেখতে রাশিয়া যান ফরিদ উদ্দিন আহমেদ। খেলা শেষ হওয়ার মাস খানেক পর তিনি রাশিয়া থেকে ইউক্রেন যান। সেখান থেকে গত ২৮ আগস্ট দালালের মাধ্যমে ৫ জন সঙ্গীর সঙ্গে ইউক্রেন থেকে ফ্রান্সের উদ্দেশ্যে পায়ে হেঁটে যাত্রা করেন ফরিদ। এরপর ২ সেপ্টেম্বর ফরিদের সঙ্গীরা ফ্রান্স পৌঁছুলেও নিখোঁজ হয়ে যান ফরিদ।
এক পর্যায়ে গত ৯ সেপ্টেম্বর স্লোভাকিয়ার স্টারিনার দুর্গম পাহাড়ি এলাকার একটি পর্যটন স্পট থেকে ফরিদের মরহেদ উদ্ধার করে সেদেশের পুলিশ।
ওই দিন অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার করা হয়েছে বলে ‘জওজে টিভি’র বরাত দিয়ে সেদেশের ‘নোভেনী ডট এসকে’ নামের একটি অনলাইন নিউজ পোর্টাল সংবাদটি প্রচার করে। ফরিদের স্বজনরা যুক্তরাজ্য থেকে স্লোাভাকিয়ায় গিয়ে সেদেশের একটি মর্গে ফরিদ উদ্দিন আহমদের লাশ শনাক্ত করেন।
এরপর ফরিদের মরদেহ দেশে ফিরিয়ে আনার বিষয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এমপির কাছে ছুটে যান সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সাংসদ শফিকুর রহমান চৌধুরী। এক পর্যায়ে লাশ বাংলাদেশে নিয়ে আসতে আন্তর্জাতিক একটি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করেন ফরিদের স্বজনরা।
আরও পড়ুন: সাঘাটায় স্ত্রীকে হত্যার পর আগুনে পুড়িয়ে দিয়েছে স্বামী
দীর্ঘ প্রচেষ্টার পর ওই প্রতিষ্ঠানের মাধ্যমে অবশেষে স্লোভাকিয়া থেকে বৃটেন হয়ে বাংলাদেশে নিয়ে আসা হয় ফরিদ উদ্দিন আহমদের লাশ। লাশের সঙ্গে যুক্তরাজ্য থেকে দেশে আসেন নিহতের চাচা আলকাছ আলী আওলাদ।
ইত্তেফাক/নূহু