হারিয়ে যাব

সুনীল আকাশ, সেই আকাশে মেঘের আনাগোনা

তুলো তুলো সাদা মেঘের মনকাড়া আল্পনা।

ছুটতে ছুটতে থামছে হঠাত্, আবার শুরু চলা

নীলছোঁয়ানো রইল আকাশ হয়নি কথা বলা।

 

মাঝে মাঝে ঝিরিঝিরি বৃষ্টি বয়ে যাওয়া

রামধনুকের রঙের ভেলায় দোল দিয়ে যায় হাওয়া।

একটু বাদেই চকচকে রোদ সবুজ ধানের খেতে

উঠল বাতাস চুলবুলিয়ে গোল্লাছুটে মেতে।

 

জোছনাধোয়া এই চরাচর রাতটা রহস্যের

জাফরানি রং শিউলি বোঁটায় দিনটা জাগে ফের।

কাশের বনে হাঁসের ছানা, ডাহুক ছানার দল

খেলায় মাতে নদীর তীরে, খুব বেশি চঞ্চল।

 

সাতসকালে শিশির যেন মুক্তোদানার ফোঁটা

শান্ত দিঘির মধ্যিখানে শাপলাফুলের বোঁটা;

মন হারাল শরেশাভায় লুকোচুরির খেলায়

এই শরতে হারিয়ে যাব ফুলপাখিদের মেলায়!